শিশুকে সন্ত্রাসী কাজে ব্যবহারের শাস্তি মৃত্যুদণ্ড
শিশুকে সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহারের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে ‘শিশু বিল ২০১৩’ পাস হয়েছে।
রোববার সংসদে বিলটি পাসের প্রস্তাব করেন সমাজ কল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ। পরে এটি কণ্ঠভোটে পাস হয়।
এর আগে বিলের ওপর দেয়া জনমত যাচাই-বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাব ও সংশোধনীগুলো নাকচ হয়।
শিশু আইনে বলা হয়েছে, “কোনোব্যক্তি শিশুর প্রকৃত দায়িত্বসম্পন্ন বা তত্ত্বাবধানকারী হোক বা না হোক, কোনো শিশুকে সন্ত্রাস বিরোধী আইন-২০০৯ এর ৬ ধারায় উল্লিখিত কোনো সন্ত্রাসী কাজে নিয়োজিত করলে বা ব্যবহার করলে তিনি স্বয়ং ওই সন্ত্রাসী কাজ করেছেন বলে গণ্য হবেন। এবং তিনি ওই ধারায় উল্লিখিত দণ্ডে দণ্ডিত হবেন।”
হরতালে পিকেটিংয়ে চাঁদপুরে তৎপর দেখা যায় একদল শিশুকেও।
এ ছাড়া এর অতিরিক্ত অর্থদণ্ড আরোপের কথাও উল্লেখ রয়েছে।
গত ৫ মে হেফাজতে ইসলামের ঢাকা অবরোধ এবং মতিঝিলের সমাবেশে উল্লেখযোগ্য সংখ্যক মাদ্রাসার শিশুদের জমায়েত করা হয়। অভিযোগ আছে, বিভিন্ন কওমী মাদ্রাসার শিক্ষকরা ছাত্রদের ভয় দেখিয়ে ঢাকায় জমায়েত করেছিলেন।
আইনে প্রতি থানায় একটি করে শিশু ডেস্ক গঠন এবং উপ-পরিদর্শক পদমর্যাদার একজনকে শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেয়ার বিধান রয়েছে।
এ ছাড়া শিশু অপরাধী ও প্রাপ্ত বয়স্ক অপরাধীকে একসঙ্গে কোনো অপরাধের দায়ে চার্জশিট না দেয়ার বিধান রাখা হয়েছে। এ আইন অনুযায়ী, যেকোনো মামলায় শিশুরা অবশ্যই জামিন পাবে।
আর নয় বছরের ছোট কোনো শিশুকে কোনো অবস্থাতেই গ্রেপ্তার বা আটক রাখা যাবে না। নয় বছরের বড় শিশুকে গ্রেপ্তার বা আটক করা হলে হাতকড়া বা কোমরে দড়ি পরানো যাবে না।
