বিশ্বাসের মর্যাদা রাখতে চান আরিফ
জনগণ বিশ্বাস করে পরিবর্তনের পক্ষে যে রায় দিয়েছে সেই বিশ্বাসের মর্যাদা রাখতে চান বলে মন্তব্য করেছেন সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আরিফুল হক চৌধুরী।
বিজয়ী হওয়ার পর বিএনপির কেন্দ্রীয় এ সদস্য রোববার দুপুরে প্রথম সংবাদ সম্মেলনে তার এ বিজয়কে নগরবাসী ও সরকারের ‘স্বৈরাচারী’ আচরণের বিরুদ্ধে গণতন্ত্রের বিজয় বলে উল্লেখ করেন।
“জনগণ আমার উপর যে বিশ্বাস রেখেছে আমি সেই বিশ্বাসের মর্যাদা রাখতে চাই। নগর ভবনকে দলমতের উর্ধ্বে রাখার চেষ্টা করব।’’
এ সময় তিনি সকলকে সঙ্গে নিয়ে নগরীর উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনার আশ্বাস দেন।
শনিবার ভোট শেষে মহাজোটের মেয়র প্রার্থী দু’বারের মেয়র বদর উদ্দিন আহমদ কামরানকে প্রায় ৩৫ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করেন সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের এ ‘রাজনৈতিক শিষ্য’।
বিগত চারদলীয় জোট সরকারের সময় কাউন্সিলর আরিফ নগর উন্নয়ন কমিটির চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেন। সেই সময়ে করা উন্নয়ন কর্মকাণ্ডকেও তিনি এবার তার নির্বাচনী প্রচারণায় তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মুবিন চৌধুরী বলেন, জনগণ তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে রায় নিয়ে দিয়েছে, নির্বাচনে সেনা মোতায়েনের পক্ষে রায় দিয়েছে, পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে এবং ১৮ দলীয় জোটের পক্ষে রায় দিয়েছে।
জনরায়ের কথা বিবেচনায় নিয়ে সরকারকে অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নেওয়ার আহ্বান জানান শমশের মুবিন।
সরকার নির্বাচনের ফল ছিনিয়ে নেয়ার চক্রান্ত করেছিল উল্লেখ করে শমসের বলেন, জনবিস্ফোরণের বিষয়টি আঁচ করতে পেরেই তারা সফল হয়নি। এক্ষেত্রে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে মন্তব্য করেন বিএনপির ভাইস চেয়ারম্যান।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আরিফের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আতাউর রহমান পীর, সাবেক সংসদ সদস্য দিলদার হোসেন সেলিম, আরিফের প্রধান নির্বাচনী এজেন্ট আবুল কাহের শামীম প্রমুখ।
নির্বাচনে বিজয়ী হওয়ায় আরিফকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সিলেট-১ আসনের সাংসদ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
মন্ত্রী বলেন, ‘‘আরিফুল হক চৌধুরী আমার নিজের নির্বাচনী এলাকা সিলেটের নগরপিতা নির্বাচিত হয়েছেন। এ জন্য তাকে শুভেচ্ছা ও অভিনন্দন।’
পূণ্যভূমি সিলেট নগরীর সার্বিক উন্নয়নে আরিফ সকল সংকীর্ণতার উর্ধ্বে উঠে নগরবাসীর কল্যাণে আন্তরিকভাবে কাজ করবেন প্রত্যাশা করে তিনি অতীতের মত সবধরণের সহযোগিতা অব্যাহত রাখবেন বলে জানান।
