চাঁদপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় পৃথক স্থানে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
রোববার দুপুরে উপজেলার হাঁসা ও রামদাসের হাট গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হাঁসা গ্রামের আসমা (১০) দুপুরে গোসল করতে নেমে পুকুরে তলিয়ে যায়। পরে তার লাশ ভেসে উঠলে আত্মীয়-স্বজনরা উদ্ধার করে। আসমা তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।
অপরদিকে রামদাসেরহাট গ্রামের মো. ইউনুস মিয়ার ছেলে শাওন (২) পুকুর পাড়ে খেলা করার সময় নিখোঁজ হয়। পরে তার লাশ পুকুরে ভেসে ওঠে।
ফরিদগঞ্জ থানার ওসি নাজমুল হক ঘটনার সত্যতা জানিয়েছেন।
