২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবিতে শিবিরের ‘মহড়া’

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘বোমা ফাটিয়ে’ বিএনপি নেতা মোসাদ্দেক হোসেন বুলবুলের বিজয় উদযাপনের পর রোববারও ক্যাম্পাসে ‘মহড়া’ দিয়েছে ইসলামী ছাত্র শিবির।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2013, 10:46 AM

Updated : 23 Aug 2022, 11:00 AM

দুপুর ১২টায় সংগঠনটির কয়েকশ’ নেতাকর্মী কয়েকটি ভাগে ভাগ হয়ে বিভিন্ন জায়গায় শিক্ষার্থী-কর্মচারী-দোকানদাদের সঙ্গে শুভেচ্ছা বিনিমিয় করে।

পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হলে তারা ক্যাম্পাস থেকে বের হয়ে যায়।

দীর্ঘদিন পর নির্বাচনকে কেন্দ্র করে ছাত্র শিবিরকর্মীরা ক্যাম্পাসে এসে ১৮ দলের মেয়র প্রার্থী বুলবুলের প্রচার কাজ চালায়। আওয়ামী লীগের মেয়াদের শেষ সময়ে এসে শিবিরকর্মীরা বিভিন্ন হলে অবস্থান নিতে শুরু করেছে বলেও জানান সাধারণ শিক্ষার্থীরা।

এ নিয়ে অবশ্য ছাত্রলীগের মধ্যে কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি।

মহড়ার ব্যাপারে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি আশরাফুল ইসলাম ইমন জানান, তারা শিক্ষার্থী। নিয়মিত কাজের অংশ হিসেবে ক্যাম্পাসে আসেন এবং কাজ শেষে চলে যান।

ক্যাম্পাসে সকল ছাত্র সংগঠনের সহবস্থান বিশ্ববিদ্যালয় প্রশাসন নিশ্চিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন ইমন।

শনিবার বুলবুল তার প্রতিদ্বন্দ্বী মহাজোট সমর্থিত মেয়র পদপ্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটনের চেয়ে ৪৭ হাজারেরও বেশি ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সংবাদের প্রতিবাদ।

শনিবার রাতে ‘রাজশাহীতে বোমা ফাটিয়ে উদযাপন শিবিরের’ শীর্ষক সংবাদের প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবির।

রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি কাছে পাঠানো এক ফেইসবুক বার্তায় শিবির সভাপতি ইমন দাবি করেন, “আমরা ক্যাম্পাসে শুধু আনন্দ মিছিল বের করেছি।”

ছাত্রলীগনেতা আবু হোসাইন বিপুর মন্তব্য নিয়ে এ সংবাদে ‘বোমাবাজি’র উল্লেখকে ‘ডাহা মিথ্যা’ বলে মন্তব্য করে ইমন বলেন, “নির্লজ্জ মিথ্যাচারের প্রতিবাদ জানাচ্ছি এবং প্রতিবেদক এস এম নাদিম ও বিডিনিউজের শুভবুদ্ধির উদয় হবে বলে আশাবাদ ব্যক্ত করছি।”

প্রতিবেদকের বক্তব্য: সংবাদটি ঘটনার প্রত্যক্ষদর্শী সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগের অভিযোগের ভিত্তিতে করা হয়েছে। এ ব্যাপারে শিবির সভাপতির সঙ্গে কথা বলার চেষ্টা করেও তাকে মোবাইল ফোনে পাওয়া যায়নি।