নির্বাচনী হট্টগোলে হৃদরোগে মৃত্যু
খুলনায় একটি কেন্দ্রে নির্বাচনী হট্টগোলে হৃদরোগে আক্রান্ত হয়ে এক ব্যক্তি মারা গেছেন বলে পুলিশ জানিয়েছে।
শনিবার সকালে সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটগ্রহণের সময় নগরীর ক্রিসেন্ট জুট মিল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে এক কাউন্সিলর প্রার্থীর পক্ষে মিছিলের চেষ্টা হয়।
তখন র্যাব ধাওয়া করলে পালাতে গিয়ে আলম সর্দার (৫০) নামে এক ব্যক্তি হদরোগে আক্রান্ত হয়ে মারা যান বলে জানিয়েছেন খুলনা মহানগরীর সহকারী পুলিশ কমিশনার মো. জয়নুদ্দিন।
মিছিলের চেষ্টাকারী ইসলামী আন্দোলনের নয় কর্মীকে সেখান থেকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ কর্মকর্তা জয়নুদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল সোয়া ১০টার দিকে ওই ঘটনার সময় দৌড়ে পালাতে গিয়ে আলম সর্দার পড়ে যান। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হৃদরোগে আক্রান্ত হয়ে আলম সর্দার মারা যান বলে চিকিৎসকদের উদ্ধৃত করে ওই পুলিশ কর্মকর্তা জানান।
নির্বাচন কর্মকর্তা মোস্তফা ফারুক এই বিষয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মিছিল বের করার চেষ্টাকালে এই ঘটনা ঘটে। এর সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই।”
প্রত্যক্ষদর্শীরা জানায়, কাউন্সিলর প্রার্থী শামসুল আলমের নির্বাচনী প্রতীক চাঁদ সম্বলিত প্রচারপত্র ও অন্যান্য সরঞ্জাম নিয়ে ৫০ থেকে ৬০ জনের একটি দল একসঙ্গে কেন্দ্রের বাইরে ঘোরা-ফেরা করছিলো। এ সময় র্যাবের একটি গাড়ি এলে তারা ছত্রভঙ্গ হয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে।
খালিশপুর থানার ওসি শহীদুল হক জানান, ঘটনাস্থল থেকে নয় জনকে আটক করে তাদের থানায় হস্তান্তর করেছে র্যাব।
