এবার হারবো না: মনি
ভোট দিয়ে জয়ের ব্যাপারে আশা প্রকাশ করেছেন খুলনায় বিরোধী দল সমর্থিত মেয়র প্রার্থী মনিরুজ্জামান মনি।
শনিবার সকাল সাড়ে ৮টার দিকে খুলনা আলিয়া মাদ্রাসা কেন্দ্রে ভোট দেন বিএনপির মহানগর কমিটির সাবেক সাধারণ সম্পাদক মনি।
গতবারের নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত তালুকদার আব্দুল খালেকের কাছে ২০ হাজারের কিছু বেশি ভোটে হারলেও এবার তা হবে না বলে মনে করছেন মনিরুজ্জামান মনি।
এবারও মেয়র নির্বাচনে তালুকদার খালেকের সঙ্গেই প্রতিদ্বন্দ্বিতা করতে হচ্ছে তাকে।
জয়ের ব্যাপারে আশা প্রকাশ করে মনি সাংবাদিকদের বলেন, “জনগণ আমাকেই ভোট দেবে। তাই আমি জয়ী হবো।”
ভোট শুরুর প্রায় পৌণে এক ঘণ্টা পর নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন বিরোধী দল সমর্থিত এই প্রার্থী।
তবে নগরীর মোট ১৮৮টি কেন্দ্রের মধ্যে ১০২টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ দাবি করে তিনি বলেন, এসব কেন্দ্রে কেউ অসাধু উপায়ে সুবিধা নিতে চাইলে তার ফল ভালো হবে না।
তিনি বলেন, সন্ত্রাসীদের ঘোরা-ফেরা থাকলেও তাদের গ্রেপ্তার করা হয়নি। নির্বাচনে কালো টাকাও ছড়ানো হয়েছে।
