২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়ী হবো আমিই: খালেক

ভোটগ্রহণ শুরুর আধা ঘণ্টার মধ্যে নিজের ভোট দিয়েছেন খুলনার মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক।

নিজস্ব প্রতিবেদক

খুলনা থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2013, 02:54 AM

Updated : 23 Aug 2022, 11:00 AM

নির্বাচনের সার্বিক পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করে নিজের জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন ক্ষমতাসীন জোট সমর্থিত এই প্রার্থী।

শনিবার সকাল সোয়া ৮টার দিকে খুলনা পাইওনিয়ার উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পৌঁছান খালেক।

ভোট দেয়ার পর সদ্য বিদায়ী মেয়র খালেক বলেন, “জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। কারণ আমি কাজ করেছি, ফাঁকি দিইনি। যারা ফাঁকি দিয়েছে তারাই দুর্বল। আমি জয়ী হবো ইনশাল্লাহ।”

এর পরপরই ১৮ দলীয় জোট সমর্থিত প্রার্থী মনিরুজ্জামান মনি ভোট দেন খুলনা আলিয়া মাদ্রাসা কেন্দ্রে।

এই নির্বাচনে জাতীয় পার্টি (এরশাদ) জেলা শাখার সভাপতি শফিকুল ইসলাম মধু প্রতিদ্বন্দ্বিতা করলেও খালেক ও মনির মধ্যেই মূল লড়াই হবে বলে ধারণা করা হচ্ছে।

তবে আগামী পাঁচ বছরের জন্য কে নগর পিতা হবেন তা ঠিক করবেন ভোটারাই। যে চারটি সিটি কর্পোরেশনে ভোট হচ্ছে তার মধ্যে মধ্যে খুলনাই ভোটার সংখ্যা সবচেয়ে বেশি।

মোট ৪ লাখ ৪০ হাজার ৫৬৬ জন ভোটার রয়েছে এখানে। এর মধ্যে নারী ২ লাখ ১৬ হাজার ৬২ এবং পুরুষ ২ লাখ ২৪ হাজার ৫০৪ জন।

১০টি সংরক্ষিত এবং ৩১টি সাধারণ ওয়ার্ডে মোট ২৮৮টি কেন্দ্রে ভোট চলছে। সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি চোখের পড়ার মতো। বিশেষত নারীদের উপস্থিতি ছিল বেশি। সকালের কাজের চাপ কম থাকায় ভোট দিতে এসেছেন বলে জানান তারা।

বরিশালের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোস্তফা ফারুক খুলনার রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন।

খুলনা সিটি কর্পোরেশন প্রতিষ্ঠা হয় ১৯৮৪ সালের ১০ ডিসেম্বর। এ সিটি কর্পোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের পাঁচটি কেন্দ্রে ২১টি ভোটকক্ষে এবার ইভিএমে ভোট হবে। এ পদ্ধতিতে ভোট দেয়ার সুযোগ পাবেন ৬ হাজার ২৩৭ জন ভোটার।