ভোট দিয়ে জয়ের আশাবাদ হিরনের
বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী শওকত হোসেন হিরন ভোট দেয়ার পর তার জয়ের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন।
শনিবার সকাল ৮টা ২০ মিনিটে নুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের তিন নম্বর কক্ষে ভোট দেন হিরন। এই কেন্দ্রে মোট ভোটার ২৬৬৩ জন।
ভোট দিয়ে বেরিয়ে এসে সাবেক মেয়র হিরণ সাংবাদিকদের বলেন, “ভোট সুষ্ঠুভাবে শুরু হয়েছে। আশা করি আমিই জিতবো।”
বরিশালে মোট ভোটার ২ লাখ ১১ হাজার ২৫৭ জন। এর মধ্যে নারী ১ লাখ ৩ হাজার ৬৩২ এবং পুরুষ ১ লাখ ১১ হাজার ২৫৭ জন।
১০টি সংরক্ষিত এবং ৩০টি সাধারণ ওয়ার্ডে ভোট কেন্দ্র ১০০টি, ভোটকক্ষ ৬১৪টি।
মেয়র পদে প্রার্থী তিন জন। সাধারণ ওয়ার্ডে ১৬৬ জন ও সংরক্ষিত ওয়ার্ডে ৪৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মেয়র পদে ক্ষমতাসীন মহাজোট সমর্থিত প্রার্থী বিদায়ী মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন হিরন; তার প্রতীক টেলিভিশন।
১৮ দলীয় জোটের সমর্থনে জেলা বিএনপির সভাপতি আহসান হাবিব কামাল লড়ছেন আনারস প্রতীক নিয়ে।
আর মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুনের প্রতীক দোয়াত-কলম।
