২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরার অগ্নিদগ্ধ তপতী মণ্ডল নেই

কথিত প্রেমেরে ঘটনায় গ্রাম্য সালিশে নির্যাতনের পর গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টার ১০ দিন পর মারা গেলেন তপতী মণ্ডল।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2013, 04:16 PM

Updated : 23 Aug 2022, 10:58 AM

শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় বলে তার বাবা সুবল মণ্ডল নিশ্চিত করেছেন।

তপতীর (১৬) বাড়ি সাতক্ষীরা সদরের আলিপুর ইউনিয়নের গাংনিয়া গ্রামে।

সুবল মণ্ডল জানান, ঢাকার শাহবাগ থানার মাধ্যমে ময়নাতদন্ত শেষে সন্ধ্যায় তপতীর মরদেহ বাড়িতে পাঠানো হয়েছে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, গাংনিয়া গ্রামের এই মেয়ের সঙ্গে একই গ্রামের গঙ্গারাম মণ্ডলের ছেলে মিলন মণ্ডলের প্রেমের সম্পর্ক নিয়ে গ্রাম্য সালিশ বসান ইউপি সদস্য মোশাররফ হোসেন নিউটনসহ কয়েকজন স্থানীয় প্রভাবশালী।

গত ৩ জুন তপতীর বাড়ির সামনে করা এ সালিশে তপতীকে প্রচণ্ড মারধর করা হয়।

লোকলজ্জায় পরদিন বেলা ১১টার দিকে তপতী নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা চালান।

গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্যরা তাকে সাতক্ষীরা শহরে নেয়ার চেষ্টা করলে গ্রাম্য প্রভাবশালরা বাধা দেন।

তারা ঘরে রেখে গ্রাম্য হাতুড়ে চিকিৎসক মিজানুর রহমানকে দিয়ে তাকে তাকে চিকিৎসা নিতে বাধ্য করেন।

বিষয়টি পুলিশ জানলে সাতক্ষীরা সদর থানার ওসি আমান উল্লাহ, এসআই হাসেমসহ ফোর্স গ্রামে তপতী মণ্ডলের বাড়ি যায়।

রাতেই পুলিশের গাড়িতে অগ্নিদগ্ধ তপতীসহ পরিবারের সদস্যদের সাতক্ষীরায় নিয়ে আসা হয় এবং তপতীকে সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এরপর অবস্থার অবনতি ঘটলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সাতক্ষীরা সদর থানার ওসি তরিকুল ইসলাম বলেন, এর আগে তপতীর বাবার করা মামলাটির ধরন এখন পাল্টে যাবে এবং আসামিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার জয়দেব চৌধুরী জানান, “ভোটের ডিউটিতে খুলনায় আছি। তপতী মন্ডল মারা গেছে শুনেছি। তাকে বাঁচানোর চেষ্টা করেও বাঁচানো গেল না।”

তিনি বলেন, মামলার তদন্তকাজ পরিবর্তন হবে। নারী নির্যাতনের এ মামলাটি এখন হত্যা মামলা হিসেবে গণ্য করে পুনরায় তদন্তকাজ শুরু করা হবে।