ভোটারের নিক্তিতে কামরান-আরিফ
সিলেট নগরীর দীর্ঘদিনের মেয়র বদর উদ্দিন আহমদ কামরান আগের নির্বাচনে বিপুল ভোটে জয় পেলেও এবার তাতে ভাগ বসাতে চান আরিফুল ইসলাম চৌধুরী।
অন্যদিকে ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার পর আরিফের ভূমিকা নিয়ে বিএনপি সমর্থকদের ‘সন্দেহকে’ কাজে লাগাতে চাইছেন আওয়ামী লীগ নেতা কামরান।
নগরীর বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, সিলেটের স্থায়ী বাসিন্দা নন- এমন অধিবাসী, ধর্মীয় সংখ্যালঘু, হকার, বস্তিবাসীসহ অর্থনৈতিক ও সামাজিকভাবে নড়বড়ে অবস্থানে থাকা ভোটাররা এতোদিন কামরানের ‘ভোট ব্যাংক’ বিবেচিত হয়ে আসছিল। নানা কৌশলে এবার সেই ‘ভোট ব্যাংকে’ হানা দিচ্ছেন আরিফ।
সিলেট নগরীর বাসিন্দা ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী গালিব আশরাফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আরিফ তার নির্বাচনে প্রচার চালানোর জন্য ময়মনসিংহ, নেত্রকোনা-এলাকার বিএনপির জনপ্রতিনিধিদের নিয়ে এসেছিলেন।
“নেত্রকোনায় তার শ্বশুরবাড়ি- এই পরিচয় দিয়েছেন ঘরে ঘরে গিয়ে। এর মাধ্যমে তিনি ধরতে চাচ্ছেন ননসিলেটি ভোটারদের, যারা মূলত কামরানের ভোট ব্যাংক বলে পরিচিত।”
মোস্তাক আহমদ নামে এক ব্যবসায়ী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গত ১৮ বছর কামরান সাহেব মেয়র ছিলেন সত্য। কিন্তু তার হাতে উন্নয়নের কাজ কম হয়েছে। বিএনপির আমলে কাজ পেতে কামরানই এক সময় আরিফকে নগর উন্নয়ন কমিটিতে এনেছিলেন। এখন আরিফ সেই সময়ের সব উন্নয়নের কৃতিত্ব দাবি করছেন। এ কারণে অনেকে আরিফকেও বিবেচনায় রাখছে।”
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আকরাম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নগরভবনে কামরানের আচরণ দলীয় থাকে না। তিনি সবার মেয়র হয়ে যান। এটাই তার সবচেয়ে ইতিবাচক দিক। নিয়মিত বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যাওয়া তার আরেকটি ইতিবাচক দিক।
ভোটের প্রচারে বদর উদ্দিন আহমদ কামরান
নির্বাচনী প্রচারে আরিফুল ইসলাম চৌধুরী
আরিফের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে আকরামের বন্ধু সিলেটের ছেলে আবু হানিফ বলেন, সিলেট ও আশেপাশের এলাকায় সাইফুরের উন্নয়ন কাজের বাহাবা নিতে চেষ্টা করে যাচ্ছেন আরিফ। এর ফল ঘরে তুলতে আশেপাশের উপজেলার বিভিন্ন পর্যায়ের স্থানীয় সরকারে থাকা বিএনপি-জামায়াত নেতাদেরও মাঠে নামিয়েছেন তিনি।
“দুর্নীতি, সন্ত্রাসে যোগ, অর্পিত সম্পত্তিতে বাগানবাড়ি ইত্যাদি বিষয় নিয়ে তিনিও রয়েছেন বেকায়দায়।”
বৃহস্পতিবার ভোটের প্রচারের শেষ দিনেও কামরানের বিভিন্ন পথসভার মঞ্চে ঘুরে ফিরে এসেছে ‘নিখোঁজ’ ইলিয়াস আলীর নাম। নগর ছাত্রলীগের সভাপতিসহ বেশ কয়েকজন তরুণ বক্তা ইলিয়াসের অন্তর্ধানে আরিফের ভূমিকা খতিয়ে দেখতে বলেছেন।
অন্যদিকে কামাল আহমেদ নামে এক ভোটার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তত্ত্বাবধায়ক সরকারের আমলে ক্রসফায়ারে মারা যাওয়া সন্ত্রাসী চমক ছিলো আরিফের ‘সৃষ্টি’। তিনি মেয়র হলে আবার এ রকম ‘চমক’ সৃষ্টি হবে না, তার নিশ্চয়তা চায় ভোটাররা।
কামরানের দুর্বল দিক কী-এমন প্রশ্নের জবাবে কামাল বলেন, “আপাতদৃষ্টিতে মনে হচ্ছে এই নির্বাচন নিয়ে বিএনপি ঐক্যবদ্ধ। এটাই কামরানের জন্য ভয়ের কারণ হতে পরে।”
হাবিবুর রহমান নামে আরেক ভোটার বলেন, “কামরানের কাছে সবসময়ই যাওয়া যায়। গরীব দুঃখী মানুষের জন্য তিনি ফিট। তবে বৃষ্টি হলে সিলেটে যে জলাবদ্ধতা হয়, তা নিয়ে ঝামেলায় পড়তে পারেন কামরান।”
হাবিব জানান, আরিফ যখন নগর উন্নয়ন কমিটি সভাপতি ছিলেন, তখন ছোট খাট সন্ত্রাসী, চাঁদাবাজিতে জড়িয়ে পড়ে একদল উঠতি তরুণ। তাদের কেউ আটকালেই সোজা পরিচয় দিত- ‘আমি আরিফ ভাইয়ের পুয়া’।
ভোট দেয়ার ক্ষেত্রে ভোটাররা এ বিষয়টিও মাথায় রাখবে বলেই মনে করেন হাবিব।
নগর ভবনের ঠিকাদার আনোয়ার হোসেন মনে করেন, “এবার নানা রাজনৈতিক সমীকরণে প্রধান দুই প্রার্থীর ভোটের ব্যবধান কমবে। তবে বিগত দিনে যতো লোক মেয়র কামরানের কাছ থেকে নানাভাবে উপকৃত হয়েছে, তাদের বিষয়টি মাথায় রাখলে কামরানের দিকেই পাল্লা ভারি বলে মনে হয়।”
এ নির্বাচনে মেয়র পদে আরেকজন প্রার্থী থাকলেও তাকে নিয়ে ভোটারদের মধ্যে আলোচনা নেই খুব একটা। স্বতন্ত্র প্রার্থী সালাহ উদ্দিন রিমন নির্বাচনে লড়বেন তালা প্রতীক নিয়ে।
মহানগর আওয়ামী লীগের সভাপতি নাগরিক কমিটির প্রার্থী কামরানের প্রতীক আনারস। আর কেন্দ্রীয় বিএনপির সদস্য সম্মিলিত নাগরিক জোটের প্রার্থী আরিফুল হক চৌধুরীর প্রতীক টেলিভিশন।
এই তিনজনের মধ্যে থেকে নতুন মেয়র বেছে নিতে শনিবার সিলেটের ১২৭টি কেন্দ্রে মোট ২ লাখ ৯১ হাজার ৪৬ জন ভোটার ভোট দেবেন।
