বিএনপির দু’দফা ওয়াক আউট
জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে মন্ত্রী ও সরকারদলীয় সংসদ সদস্যের বক্তব্যকে কেন্দ্র করে বৃহস্পতিবার সংসদে দুই দফা ওয়াক আউট করেছে বিএনপি।
প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার একসঙ্গে উপস্থিত থাকার এই ছবি গত জুন মাসের। এমন দৃশ্য কমই দেখা গেছে নবম সংসদের মেয়াদকালে।
বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট বিল উত্থাপনের পর তা নিয়ে আলোচনায় বিরোধী দলের কয়েকজন সদস্য তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে আক্রমণ করে বক্তব্য রাখেন।
এরপর জাসদ সভাপতি ইনু বলেন, “আদালত মানেন? আদালত বলেছেন, তাহের হত্যার নায়ক জিয়া।”
তখন বিরোধী দলের সদস্যরা ওয়াকআউট করেন। পরে আসরের নামাজের বিরতির পর তারা আবার ফিরে আসেন।
এরপর বিএনপির সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সৈয়দা আশিফা আশরাফী পাপিয়া প্রস্তাবিত বাজেটের ওপর বক্তব্য দিতে গেয়ে প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ এবং মেয়ে সায়মা হোসেন ওয়াজেদের আয় এবং দেশের বাইরে তাদের সম্পত্তি নিয়ে প্রশ্ন তোলেন।
তার জবাবে আওয়ামী লীগের সংসদ সদস্য আব্দুর রহমান তার বক্তব্যে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত বিএনপি শাসনামলের দুর্নীতির চিত্র তুলে ধরেন।
এরপর সেগুফতা ইয়াসমিন এমিলি তার বক্তব্যে বলেন, “উনাদের নেত্রী দিনের পর দিন ৩২ নম্বরে গিয়ে বসে থাকতেন এবং বঙ্গবন্ধুকে বাবা ডেকে বলতেন, ‘আমারে স্বামীর ঘর ফিরিয়ে দেন’।”
সরকারি দলের সদস্যের এই বক্তব্যের মধ্যে বিরোধী সদস্য হৈ চৈ শুরু করেন। এক পর্যায়ে মওদুদ আহমদের নেতৃত্বে ওয়াক আউট করেন তারা।
