শেষ দিনের প্রচারণায় পাল্টাপাল্টি অভিযোগ
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগের মধ্য দিয়ে শেষ দিনের প্রচারণা চালাচ্ছে খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা।
ক্ষমতাসীন দল আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল সমর্থিত প্রার্থী তালুকদার আব্দুল খালেক এবং বিরোধী ১৮ দল সমর্থিত প্রার্থী মোহাম্মদ মনিরুজ্জামান মনি পরস্পরের বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ কররেছেন।
অপরদিকে জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী শফিকুল ইসলাম মধু অপর দুই প্রার্থীর বিরুদ্ধে তার প্রার্থিতা প্রত্যাহার নিয়ে ভোটারদের মাঝে অপপ্রচার চালানোর অভিযোগে করেন ।
আবার নির্বাচনকে প্রভাবিত করার উদ্দেশ্যে দুই প্রার্থীর পক্ষ থেকেই কালো টাকা ছড়ানোর বিষয়ে পাল্টাপাল্টি অভিযোগও তোলা হচ্ছে।
খালেকের বিরুদ্ধে টেন্ডারবাজি, নিয়োগ বাণিজ্য, সিটি কর্পোরেশনে নির্বাচনে অর্থ ও পেশীশক্তির ব্যবহার, বিপক্ষপ্রার্থীর নির্বাচনী কর্মীদের উপর হামলা, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ও নির্বাচন কমিশনকে প্রভাবিত করার অভিযোগ এনেছেন মনি।
এসব অভিযোগের জবাবে খালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নির্বাচনকে সামনে রেখে আমাকে হেয় প্রতিপন্ন করতে উদ্দেশ্যমূলকভাবে এধরনের প্রচারণা চালানো হচ্ছে।”
মনির বিরুদ্ধে পাল্টা অভিযোগ করে তিনি বলেন, “যারা কালো টাকা ব্যবহার করে নির্বাচন করেন তারাই বলতে পারবেন, কোথায় কালো টাকা ব্যবহার হচ্ছে। আমরা এরকম কোনো সংস্কৃতিতে বিশ্বাস করি না।”
আরেক প্রার্থী মধু বলেন, “আমার জয় নিশ্চিত জেনে আমার নির্বাচনী প্রতিপক্ষ মহল অসৎ উদ্দেশ্যে পরিকল্পিতভাবে ভোটারদের মধ্যে আমার সম্পর্কে দূরভিসন্ধিমূলক অপপ্রচার চালাচ্ছে যে আমি নাকি নির্বাচনে প্রার্থীপদ প্রত্যাহার করেছি।”
তবে খালেকের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ প্রসঙ্গে রিটার্নিং অফিসার মোস্তফা ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেব।”
তবে পারস্পরিক অভিযোগ ছাড়াও নিষেধাজ্ঞা লঙ্ঘন করে দুই প্রার্থীর পক্ষে শোভাযাত্রা করার অভিযোগ উঠেছে।
বিকালে স্যার ইকবাল রোড এলাকায় খালেকের তালা প্রতীখ ও মনির আনারস প্রতীকের সমর্থনে মিছিল করতে দেখা গেছে। মিছিল থেকে প্রচারপত্রও বিলি করেন দুই প্রার্থীর সমর্থকরা।
বিকালে নগরীর বিভিন্ন সড়কে আনারস এবং তালা- উভয় প্রতীকেরই সমর্থকগোষ্ঠীকে মিছিলি এবং মাইকসহ লিফলেট বিতরণ করতে দেখা যায়।
নির্বাচনী বিধিমালার প্রচারাণা সংক্রান্ত বিধিনিষেধের ৬ এর ১ (ক) ধারায় বলা হয়েছে, পথসভা ও ঘরোয়া সভা ব্যতীত কোনো জনসভা বা শোভাযাত্রা করা যাবে না।
মনির প্রধান নির্বাচন সমন্বয়কারী নজরুল ইসলাম মঞ্জু বলেন, “মিছিল করার কথা নয় তাদের লিফলেট বিলি করার কথা। তবে এর মধ্যে হয়তো কয়েকজন স্লোগান দিয়ে উঠেছে, আমরা তাদের নিষেধ করে দিয়েছি।”
খালেকের প্রধান নির্বাচনী এজেন্ট মিজানুর রহমানও নিয়ম লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করেন।
মিজানুর বলেন, “এরকম করার কথা না। আমরা সমর্থকদের স্পষ্ট জানিয়ে দিয়েছি তারা যেন মিছিল না করে।”
এবিষয়ে থানা নির্বাচন কর্মকর্তা প্রতীভা বিশ্বাস বলেন, “মিছিলের কথা আমরাও শুনেছি। প্রার্থীদের পাঁচ মিনিটের মধ্যে মিছিল বন্ধ করতে বলা হয়েছে।”
প্রচারণার শেষ দিনে সকালে মনিরুজ্জামান মনি নগরীর পূর্ব বানিয়াখামার, শেরে বাংলা রোড, গল্লামারী এবং বিকালে ক্রিসেন্ট জুটমিল, সিমেট্রি রোড ও মুড়িপট্টি এলাকায় শেষবারের মতো গণসংযোগ চালান।
তালুকদার আব্দুল খালেক সকালে নগরীর প্রেমকানন জোড়া গেট এবং নিউমার্কেট এলাকায় প্রচারণা চালান। আর বিকালে খুলনা শিশু হাসপাতাল, ডিসি অফিস এবং নগরীর ব্যাংক পাড়া স্যার ইকবাল রোড এলাকায় প্রচারণা চালান তিনি।
এদিকে নির্বাচনকে কেন্দ্র করে নগরীতে বিরাজ করছে উৎসবের আমেজ। নগর জুড়ে পোস্টার-ব্যানারে ছেয়ে গেছে। রাস্তাঘাট-চায়ের দোকান থেকে শুরু থেকে সর্বত্র নির্বাচনকেন্দ্রিক আলাপে ব্যস্ত মানুষ।
