অনিয়মের অভিযোগে নড়াইলে সরকারি কর্মকর্তা অবরুদ্ধ
দুর্নীতি ও অনিয়মের অভিযোগে নড়াইলের জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে (ভারপ্রাপ্ত) অবরুদ্ধ করে রেখেছে চাকরিপ্রার্থীরা।
বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। দু’ঘণ্টা পর জেলা প্রশাসক গিয়ে পরিবার পরিকল্পনা কর্মকর্তা এস এম জাফরিকে উদ্ধার করেন।
জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় জানায়, জেলার পরিবার পরিকল্পনা কার্যালয়ে বিভিন্ন পদে ৪৯টি পদের বিপরীতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়া হয়। আগামী ২১ জুন এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে সেই পরীক্ষার প্রবেশপত্র ছাড়া হয়েছে।
লক্ষীপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বশিরুল হক বশির অভিযোগ করেন, নিয়ম অনুযায়ী সঠিকভাবে কাগজপত্র জমা দিলেও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইচ্ছাকৃতভাবে অনেকের আবেদনপত্র ফেলে দিয়েছে। তিনি তার পছন্দের প্রার্থীদের আবেদনপত্র গ্রহণ করে নিয়োগ পরীক্ষার জন্য তাদের নামে প্রবেশপত্র ইস্যু করছেন।
একই ধরনের অভিযোগ করেন নড়াইল শহরের হাসপাতাল পাড়ার আব্দুল আলিম, শহরের মাছিমদিয়া এলাকার কালাম শেখ।
তবে এস এম জাফরী অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি কোন অনিয়ম করেননি। নিয়ম মেনে যোগ্য প্রাথীদের নামে প্রবেশপত্র ইস্যু করা হয়েছে।
