২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে হত্যার মামলায় একজনের যাবজ্জীবন

চাচীকে হত্যার দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে ফেনী দায়রা জজ আদালত ।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2013, 12:19 PM

Updated : 23 Aug 2022, 10:58 AM

বৃহস্পতিবার আদালতের বিচারক এ. কে. এম আরিফুর রহমান আসামির উপস্থিতিতে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত মারুফ হোসেন চৌধুরী সবুজ (২৬) সদর উপজেলার মাছিমপুর গ্রামের চৌধুরী বাড়ির সাইদুর রহমানের ছেলে।

মামলার বরাত দিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী হাফেজ আহম্মদ জানান, ২০১২ সালের ৬ এপ্রিল বিকেলে ফেনী শহরের ডাক্তার পাড়ার চাচা আজগর আলী চৌধুরীর বাসায় বেড়াতে আসে সবুজ। একসময় চাচী সকিনা বেগমের গলার স্বর্ণের হার ও হাতের বালা ছিনিয়ে নেয়ার জন্য তাকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

কিন্তু পালাতে না পেরে ঘরের টয়লেটে লুকিয়ে থাকে সবুজ । সন্ধ্যায় লোকজন সবুজকে পুলিশে দেয়।

এ ঘটনায় ওই রাতেই আজগর হোসেন চৌধুরী বাদী হয়ে মারুফ হোসেন চৌধুরী সবুজকে আসামি করে ফেনী মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।

আদালত সবুজকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দিয়েছে বলে জানান আইনজীবী।