২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে পুলিশের গুলিতে আহত কামালের কর্মী

বরিশালে পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত হয়েছেন বিরোধী দল সমর্থিত মেয়র প্রার্থী আহসান হাবিব কামালের এক কর্মী।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2013, 04:07 PM

Updated : 23 Aug 2022, 10:57 AM

বুধবার সন্ধ্যায় নগরীর বৌদ্ধপাড়ায় পুলিশের ওপর হামলা হলে ‘আত্মরক্ষার্থে’ ছোড়া শটগানের গুলিতে ওই ব্যক্তি আহত হন বলে কর্মকর্তারা জানিয়েছেন।

তবে বিএনপি নেতা আহসান হাবিব কামালের দাবি, পুলিশ বিনা উস্কানিতে গুলি ছুড়েছে।

আহত মো. হারুন  (৩৫) মেয়র প্রার্থী আহসান হাবিবের দেহরক্ষী বলে স্থানীয়রা জানায়।

বরিশালসহ চার সিটি কর্পোরেশন নির্বাচন নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ করতে সব ধরনের ব্যবস্থা নেয়া হচ্ছে বলে সিইসি কাজী রকিবউদ্দিন আহমদের বক্তব্যের ১২ ঘণ্টার মধ্যে এই ঘটনা ঘটলো।

স্থানীয়রা জানায়, ভোটগ্রহণের চার দিন আগে সন্ধ্যায় কামালের ছয়জন নারী সমর্থক বৌদ্ধপাড়া এলাকায় আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী শওকত হোসেন হিরনের বিরুদ্ধে লিফলেট বিলি করছিলেন। তখন হিরনের সমর্থকরা তাদের ধরে পুলিশ ও ভ্রাম্যমাণ আদালতে খবর দেয়।

এ ঘটনা শুনে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিন সেখানে গিয়ে দলীয় কর্মীদের আটকে বাধা দেন।

একটু পর মেয়র প্রার্থী কামালও সেখানে যান। তিনিও তার কর্মীদের নিয়ে যেতে বাধা দেন বলে জানায় স্থানীয়রা।

বরিশালের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এনডিসি) সাদেকুর রহমান খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একপর্যায়ে পুলিশ ওই ছয়জনকে নিয়ে যেতে চাইলে বিএনপিকর্মীরা মিছিল শুরু করে এবং পুলিশের ওপর ইট ছুড়তে থাকে।

“তখন পুলিশ আত্মরক্ষায় শটগানের এক রাউন্ড গুলি ছুড়লে বিএনপির এক কর্মীর গায়ে ছড়রা লাগে।”

এনডিসি সাদেকুর জানান, পুলিশের ওপর হামলা, দায়িত্ব পালনে বাধা ও আসামি ছিনিয়ে নেয়ার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।  

হারুন মেয়র প্রার্থী কামালের ‘দেহরক্ষী’ জানিয়ে বিলকিস শিরিন বলেন, পুলিশ বিনা কারণে বিএনপিকর্মীদের ওপর গুলি ছুড়েছে।

একই বক্তব্য দিয়ে প্রার্থী কামাল তার কর্মীদের ওপর পুলিশি হামলার নিন্দা জানান।