রাবিতে হাতবোমা বিষ্ফোরণ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলা ভবনে হাতবোমার বিস্ফোরণ হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বুধবার বিকাল ৫টার দিকে ভবনটির বাথরুমে এ ঘটনা ঘটে।
মতিহার থানার ওসি অসিত কুমার ঘোষ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকালে ওই ভবনের দ্বিতীয় তলায় হঠাৎ শব্দ শুনে দায়িত্বরত পুলিশ গিয়ে ধোঁয়া দেখতে পান।
এ সময় বাথরুম থেকে একটি তাজা হাতবোমা সদৃশ বস্তু উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। সেটি বোমা কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
প্রক্টর তারিকুল হাসান মিলন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনার পরপরই তারা সেখানে গিয়েছিলেন।
কোন মহল ক্যাম্পাসে ভীতিকর পরিস্থিতি তৈরি করার জন্য এই বিষ্ফোরণ ঘটিয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করেন প্রক্টর।
