কাজিপুর পৌর ভবনে হামলা ভাংচুর
সিরাজগঞ্জের কাজিপুর পৌর ভবনে একদল সন্ত্রাসী হামলা চালিয়ে ভাংচুর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বুধবার দুপুরের এ ঘটনার জন্য বিএনপি সমর্থিত পৌর মেয়র আব্দুস সালাম ছাত্রলীগ ও যুবলীগকে দায়ী করেছেন।
তবে মেয়রের এ অভিযোগ অস্বীকার করে তারা বলেছেন, ঠিকাদাররা পৌর ভবনে হামলা চালিয়েছে।
পৌর মেয়র আব্দুস সালাম অভিযোগ করেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান স্বাধীন ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলী আসলামের নেতৃত্বে ১৫/২০ জনের একটি দল দুপুরের দিকে লাঠিসোটা নিয়ে পৌর ভবনে হামলা চালায়।
এ সময় তারা টিভি, ফ্রিজ, ল্যাপটপ, আসবাবপত্র, দরজা-জানালার কাঁচ ভাংচুর করে এবং মালামাল তছনছ করে।
খবর পেয়ে তিনি আগেই পৌর ভবন ত্যাগ করেন বলে জানান মেয়র।
তিনি জানান, রাজনৈতিক প্রতিহিংসার কারণে এ তাণ্ডব চালানো হয়েছে। বিষয়টি ইউএনও, সার্কেল এএসপি ও থানার ওসিকে জানানো হয়েছে।
উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান স্বাধীন অভিযোগ অস্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ঘটনায় তাদের দলের কোন নেতাকর্মী জড়িত নয়। পৌরসভার ঠিকাদাররা এ কাজে জড়িত।
একটি কাজের ওর্য়াক ওর্ডার না দেয়ায় ঠিকাদাররা পৌর ভবনে ভাংচুর চালিয়েছে। অথচ রাজনৈতিক কারণে মেয়র বিষয়টি তাদের উপর চাপানোর চেষ্টা করছে বলেও ক্ষোভ প্রকাশ করেন এ যুবলীগ নেতা।
কাজিপুর থানার ওসি মতিয়ার রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভাংচুরের সংবাদ পেয়ে পুলিশ পাঠানো হয়। ভাংচুরের ব্যাপারে এখনো থানায় মামলা হয়নি।
তবে কারা এ ঘটনায় জড়িত তা জানাতে পারেননি ওসি।
