কিশোরগঞ্জ উপনির্বাচন; অসীমের আপিল শুনানি বৃহস্পতিবার
কিশোরগঞ্জ-৪ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আওয়ামী লীগ নেতা সৈয়দ মহিদুল ইসলাম অসীমের আপিল শুনানি বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে।
বুধবার সকালে নির্বাচন কমিশন সচিবালয় থেকে চিঠি দিয়ে ইসলাম অসীমকে ১৩ জুন শুনানির সময় উপস্থিত থাকতে বলা হয়েছে।
মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনার বরাবরে আপিল করেন অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক অসীম।
সেইসঙ্গে নির্বাচন কমিশন সচিবালয় এ সংক্রান্ত সমস্ত কাগজপত্রাদি বুধবারের মধ্যে কমিশনের পাঠানোর জন্য রিটার্নিং অফিসার মো. জাহিদ হোসেনকে নির্দেশ দিয়েছে।
মো. জাহিদ হোসেন জানান, নির্দেশ পাওয়ার পরপরই একজন প্রথম শ্রেণির কর্মকর্তার তত্ত্বাবধানে সমস্ত কাগজপত্র ঢাকায় নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠিয়ে দেয়া হয়েছে।
গত ৯ জুন মনোনয়নপত্র বাছাইয়ের সময় স্বতন্ত্র প্রার্থী যাচাই বিধিমালা ২০১১ মোতাবেক প্রার্থীর পক্ষে ভোটারদের স্বাক্ষর ও উল্লেখিত পরিচয়ের সঙ্গে নির্বাচন কমিশনের ভোটার তালিকার গড়মিল থাকায় সৈয়দ মহিদুল ইসলাম অসীমের মনোনয়নপত্র বাতিল করা হয়।
তিন হাওর উপজেলা ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম নিয়ে গঠিত কিশোরগঞ্জ-৪ আসনের সাংসদ মো. আব্দুল হামিদ রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আসনটি খালি হয়। আগামী ৩ জুলাই ভোট গ্রহন হবে।
