সাভারে আবারো কারখানায় ছুটি
বেতন-ভাতা বৃদ্ধি, বন্ধ কারখানা খুলে দেয়াসহ বিভিন্ন দাবিতে সাভারে শ্রমিকরা আবারো বিক্ষোভ করেছে। আবারো কারখানায় ছুটি ঘোষণা করা হয়।
এরমধ্যে সাভার পৌর এলাকার দক্ষিণ দড়িয়াপুর মহল্লায় জেকে গ্রুপের প্রতিষ্ঠান জেকে ফ্রেবিক্স লিমিটেড, জেকে নীট কম্পোজিট লিমিটেড ও তনিমা কম্পোজিট লিমিটেডে দ্বিতীয় দিনের মতো ছুটি দেয়া হয়।
শিল্প পুলিশ-১ আশুলিয়া জোনের উপসহকারী পরিচালক আব্দুস সাত্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেতন-ভাতা বৃদ্ধি, কারখানার কয়েকজন কর্মকর্তাকে অপসারণসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভের মুখে পলাশবাড়ী এলাকার পার্ল গামের্ন্টস লিমিটেড কারখানাটি সোমবার অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।
এরপর থেকে প্রায় দুই হাজার শ্রমিক কারখানাটি খুলে দেয়াসহ ওইসব দাবিতে বিক্ষোভ করে আসছিল।
বুধবার তারা দ্বিতীয় দিনের মতো মূল ফটকের সামনে বিক্ষোভ করে। পরে পুলিশ এসে সরিয়ে দিলে তারা চলে যায়।
আশুলিয়ার খেজুরবাগান এলাকার কসমো পলিটন ইন্ডাস্ট্রিজ লিমিটেড (সিআইপিএল) কারখানার প্রায় সাড়ে ছয় হাজার শ্রমিক বিক্ষোভ করে আসছিল।
পরে সকাল ১০টার দিকে শ্রমিকরা চলে গেলে কর্তৃপক্ষ কারখানাটি একদিনের ছুটি ঘোষণা করে।
পাশের মাটসুকা এ্যাপারেলস লিমিটেড কারখানার প্রায় ১৮শ’শ্রমিক সকাল থেকে কারখানার ভিতরেই কর্মবিরতি পালন ও বিক্ষোভ করে।
কারখানাটিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলেও তিনি জানান।
শিল্প পুলিশের সাভার জোনের উপ-পরিদর্শক অমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দক্ষিণ দড়িয়াপুর মহল্লার জেকে গ্রুপের তিনটি কারখানায় সমস্যা শুরু হয় মঙ্গলবার।
শ্রমিকদের মোবাইল ফোন নিয়ে কারখানায় প্রবেশে বাধা দেয়ায় তারা বিক্ষুব্ধ হয়ে ওঠে। পরে তারা কারখানা থেকে বেরিয়ে গেলে ছুটি দেয়া হয়।
বুধবারও তারা একই দাবিতে বিক্ষোভ করে সকাল ১০টার দিকে বেরিয়ে গেলে কারখানা তিনটিতে ছুটি দেয়া হয়।
পুলিশ কর্মকর্তা আরো বলেন, বৃহস্পতিবার শ্রমিক প্রতিনিধি ও মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধান করা হবে।
