২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রস্তাবিত বাজেট আবাসন শিল্পের জন্য কল্যাণকর: রিহ্যাব

প্রস্তাবিত বাজেটকে আবাসন শিল্পের জন্য কল্যাণকর এবং সমাজের সর্বস্তরের মানুষের জন্য উন্নয়নমুখী বলে অভিহিত করেছেন রিহ্যাব নেতারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2013, 02:58 PM

Updated : 25 Apr 2022, 06:51 PM

মঙ্গলবার রাজধানির রূপসী বাংলা হোটেলে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলন আয়োজন করে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব)।

এতে সংগঠনটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ওয়াহিদুজ্জামান বলেন, “২০১৩-১৪ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটটি সমাজের সর্বস্তরের মানুষের জন্য উন্নয়নমুখী এবং গৃহায়ণ শিল্পের জন্য কল্যাণকর। অনেকেই বাজেটকে উচ্চাভিলাষী বলছেন। আমরা মনেকরি রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা গেলে এই লক্ষ্য অর্জন সম্ভব।” 

মহাজোট সরকারের শেষ বাজেটে অপ্রদর্শিত অর্থ সাদা করার সুযোগ রাখা হয়েছে জমি ও বাড়ি কেনার ক্ষেত্রেও। আবাসন খাতে গত বছরের ‘বিপর্যয়’ মোকাবেলায় প্লট ও ফ্ল্যাট কেনার ক্ষেত্রে অপ্রদর্শিত আয় বৈধ করার এই ‘বিশেষ সুযোগ’ দেয়া হয়েছে বলে অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতায় বলেছেন।
 

বর্তমান আইন অনুযায়ী, অপ্রদর্শিত আয়ে যে করহার প্রযোজ্য তার সঙ্গে ১০ শতাংশ অর্থ্যাৎ আয়ের আড়াই শতাংশ জরিমানা দিয়ে তা বিনিয়োগ বা বৈধ করা যায়। এক্ষেত্রে টাকার কোনো উৎস জানা হবে না বলে অর্থ আইন-২০১৩ তে বলা হয়েছে। আয়কর অধ্যাদেশের ১৯ (ই) ধারা সংশোধন করে এই সুযোগ দেয়া হয়েছে।

ওয়াহিদুজ্জামান বলেন, “বিভিন্ন কারণে গত দুবছর ধরে আবাসন খাত ব্যপক মন্দা সময় পার করেছে। প্রস্তাবিত বাজেটে সরকারের সুদৃষ্টি ও আবাসন খাতে গ্যাস সংযোগের সিদ্ধান্ত আমরা আবার আশার আলো দেখতে পাচ্ছি।”

প্রস্তাবিত বাজেটে প্লট ও ফ্লাট কেনায় অপ্রদর্শিত অর্থ অথবা কালো টাকা বিনিয়োগের সুযোগ দেওয়ায় প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী এনবিআর চেয়ারম্যান ও বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে ধন্যবাদ জানান তিনি। 

একই সঙ্গে রিহ্যাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জমি ও বাড়ি নিবন্ধনের কর হার ১২ শতাংশ থেকে কমিয়ে ৬ শতাংশ করার প্রস্তাব করেন। আবাসন খাতের জন্য ১৫০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল চালুর দাবিও জানান তিনি।

সংবাদ সম্মেলনে সহ-সভাপতি লিয়াকত আলী ভূইয়া, কোষাধ্যক্ষ মিজানুর রহমান দেওয়ান, সাংগাঠনিক সম্পাদক সাইদুল ইসলাম বাদল, যুগ্ম কোষাধ্যক্ষ আনসার আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

উপস্থিত অন্যান্য বক্তারা বলেন, বাজেটে অপ্রদর্শিত আয় প্লট ও ফ্লাট কেনার জন্য বিনিয়োগের সুযোগ দেওয়ার মাধ্যমে সরকার ২০০টি শিল্প খাতকে এগিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছে।

এ সুযোগের কারণে নির্মাণ সামগ্রীর দাম বাড়ার আশঙ্কা প্রকাশ করে এক্ষেত্রে সরকারের মনিটরিংয়ের ব্যাপারে গুরুত্বারোপ করেন তারা।