বিএনপি নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি বাদশার
রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনের (রাসিক) রিটার্নিং কর্মকর্তা শুভাষ চন্দ্র সরকারকে ‘চাপ’ দেয়ার ঘটনায় জড়িত বিএনপি নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে সাংসদ ফজলে হোসেন বাদশা।
মহাজোট সমর্থিত মেয়র প্রার্থী এ এই এম খায়রুজ্জামান লিটনের পক্ষে তার নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ফজলে হোসেন বাদশা মঙ্গলবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান।
এ ঘটনায় নির্বাচনের পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করে রাজশাহী-২ আসনের সংসদ সদস্য বাদশা বলেন, “আমরা পত্রিকার মাধ্যমে জানতে পেরেছি, বিএনপির নেতারা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে তাকে চাপ দিয়েছেন। তারা যে ভাষায় চাপ প্রয়োগ করেছেন তা নির্বাচনী পরিবেশকে বাধাগ্রস্ত করবে।”
এ সময় বাদশা প্রশ্ন রাখেন, আসলেই কি বিএনপি এ নির্বাচনে অংশ নিচ্ছে? নাকি হেফাজত, জামায়াত-শিবিরকে দিয়ে আরেকটি ৫ মে’র মতো নাশকতার পরিকল্পনা করছে?
যদি তাই করে থাকে, তাহলে প্রশাসনকে এখনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, জামায়াত-শিবিরের চিহ্নিত ক্যাডারদের গ্রেপ্তার করতে হবে, যোগ করেন ওয়ার্কার্স পার্টির এ নেতা।
এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাদশা বলেন, “তারপরেও এখানে (রাজশাহীতে) সেনাবাহিনী মোতায়েনের মতো কোনো পরিবেশ সৃষ্টি হয়নি।”
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক সাইদ আল মাহমুদ স্বপন, রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধূরী, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক শফিকুল রহমান বাদশা, মহানগর জাসদের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ শিবলী প্রমুখ।
গত শুক্রবার রাজশাহীতে গ্যাসসংযোগের উদ্বোধন অনুষ্ঠানে নির্বাচনী প্রচারণার অভিযোগে ওই দিনই সংবাদ সম্মেলন করে পেট্রোবাংলার (পিজিসিএল) চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান বিএনপি নেতারা।
এ ঘটনার পর রিটার্নিং কর্মকর্তা পেট্রোবাংলার (পিজিসিএল) চেয়ারম্যান ও রাজশাহীর ব্যবস্থাপককে কারণ দর্শানোর নোটিশ দেন।
গত রবিবার দুপুরে বিএনপির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ ও জেলা বিএনপির সভাপতি নাদিম মোস্তফা বিষয়টি নিয়ে রিটার্নিং কর্মকর্তার দপ্তরে গিয়ে তাকে ‘চাপ প্রয়োগ’ করেন বলে গণমাধ্যমে প্রকাশিত হয়।
