পটুয়াখালীতে শিক্ষা কর্মকর্তা লাঞ্ছিত, গ্রেপ্তার ২
পটুয়াখালীর দশমিনা উপজেলায় প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে শারিরীকভাবে লাঞ্ছিত করার অভিযোগে উপজেলা যুবলীগের সভাপতিসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শিক্ষা কর্মকর্তা মো. আনিচুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যুবলীগ সভাপতি কাজী আজাদ ও তার সহযোগী হিরণ শরীফ মঙ্গলবার দুপুরে তার ওপর হামলা করেছে।
এ ঘটনায় ওই দুজনকে আসামি করে মামলা করেছেন শিক্ষা কর্মকর্তা।
দশমিনা থানার ওসি মো. নাজমুল আলম চৌধুরী বলেন, মামলার দুই আসামিকেই গ্রেপ্তার করা হয়েছে।
আনিচুর রহমান জানান, উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের গছানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে সভাপতি পদ প্রত্যাশী মো. কাজী ফরিদ উদ্দিন আহম্মেদকে নির্বাচন ছাড়াই সভাপতি বানানোর জন্য মুঠোফোনে দাবি করেন কাজী আজাদ।
“তার দাবি প্রত্যাখ্যান করায় প্রাণনাশের হুমকি দেন এবং ২০-২৫ মিনিটের মধ্যে সাঙ্গপাঙ্গ নিয়ে কার্যালয়ে ঢুকে শিক্ষা কর্মকর্তাকে শারিরীকভাবে লাঞ্ছিত করেন আজাদ।”
এ সময় চিৎকার করলে মাসিক সাধারণ সভায় যোগ দিতে আসা শাতাধিক শিক্ষক ছুটে আসলে হামলাকারীরা চলে যায় বলে জানান শিক্ষা কর্মকর্তা।
হামলার প্রতিবাদে শিক্ষকরা তাৎক্ষণিক উপজেলার সব শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন এবং দোষীদের গ্রেপ্তারের দাবি জানান।
