বাগেরহাটে আইনজীবীদের আদালত বর্জন
বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতের ‘ঝুঁকিপূর্ণ’ তিনতলা ভবনটিকে পরিত্যক্ত ঘোষণার দাবিতে আদালত বর্জন করছে জেলা আইনজীবী সমিতি।
মঙ্গলবার থেকে জেলা আইনজীবী সমিতির কোন সদস্য ওই ভবনে অবস্থিত আদালতের কোন কাজকর্মে অংশ নিচ্ছেন না।
এর আগে সোমবার জেলা আইনজীবী সমিতি জরুরি বৈঠক ডেকে আদালত বর্জনের সিদ্ধান্ত নেন বলে জানান বাগেরহাট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হাই।
গত ২৬ মে গণপূর্ত বিভাগের প্রকৌশলীরা ভবনটি পরিদর্শন করে ঝুঁকিপূর্ণ হিসাবে ঘোষণা করেন।
এরপর আইনজীবী সমিতি গত ৩০ মে জরুরি সভা করে ৬ জুনের মধ্যে ঝুঁকিপূর্ণ ভবনটিকে পরিত্যক্ত ঘোষণার দাবি জানায়।
পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আইনজীবীরা গত ২ জুন মানববন্ধন ও সড়ক অবরোধ এবং গত রোববার (৯ জুন) একদিনের জন্য আদালত বর্জন কর্মসূচি পালন করে।
আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হাই জানান, ঝুঁকিপূর্ণ আদালত ভবনটি পরিত্যক্ত ঘোষণা করে আদালতের কাজ অন্য জায়গায় স্থানান্তরের দাবি জানানো হয়েছে।
