শরীরে সুঁই রেখে দেয়া চিকিৎসকের জামিনের মেয়াদ বাড়ল
অস্ত্রোপচারের পর রোগীর শরীরে সুঁই রেখে দেয়া চট্টগ্রাম মেডিকেল কলেজের চিকিৎসক সুরমান আলীর জামিনের মেয়াদ বেড়েছে।
মঙ্গলবার চট্টগ্রাম মহানগর হাকিম নূরে আলম ভূঁইয়া আগামী ১৭ জুন মামলার পরবর্তী তারিখ পর্যন্ত তার জামিনের মেয়াদ বাড়িয়েছেন।
এছাড়া ওইদিন মামলার স্থায়ী জামিনের শুনানি হবে বলেও জানান আসামি পক্ষের আইনজীবী ইব্রাহীম হোসেন চৌধুরী বাবুল।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একইদিন সুঁই রেখে দেয়ার ঘটনায় করা মামলার অভিযোগপত্র গ্রহণের ওপরও শুনানি হবে।
গত বছরের ৩০ মে চট্টগ্রামের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের মলদ্বারে অস্ত্রোপচারের পর সুঁই রেখে দেন সুরমান আলী। ওই ঘটনায় এ বছরের ২৮ জানুয়ারি মামলা দায়ের করেন ছাত্রটির মা দেলোয়ারা বেগম।
গত ৩০ মে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। এরপর ৩ জুন অভিযোগপত্র গ্রহণের শুনানিতে ডা. সুরমান আলীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত।
পরে ৬ জুন চট্টগ্রাম মহানগর দায়রা জজ এস এম মজিবর রহমান এক কোটি টাকার মুচলেকায় ১০ জুন পর্যন্ত জামিন দেয় ওই চিকিৎসককে।
