রাজধানীতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ
দুপুরের খাবার ভাতা, হাজিরা বোনাস ও টিফিন বিলের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে পোশাক কারখানার কর্মীরা।
মঙ্গলবার সকাল ১১টা থেকে ইস্কাটনে এনভয় গ্রুপের তিনটি কারখানার কর্মীরা এ বিক্ষোভ মিছিল করে। মিছিল নিয়ে তারা মালিবাগ, মৌচাক, কমলাপুর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
বিক্ষোভকারীরা সবাই ইস্কাটনের নাদিয়া গার্মেন্ট, এস্টার গার্মেন্ট ও রিগ্যাল গার্মেন্টের কর্মী বলে পুলিশ জানায়।
দাবি আদায়ে গত তিন দিন ধরে তারা ইস্কাটনের কারখানা চত্বরে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি পালন করলেও মঙ্গলবার তারা মিছিল নিয়ে রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
‘অপ্রীতিকর’ পরিস্থিতি এড়াতে রমনা, মালিবাগ, রামপুরা ও কমলাপুর এলাকায় এ সময় বিপুল সংখ্যক পুলিশকে সতর্ক থাকতে দেখা যায়।
নাদিয়া গার্মেন্টের কোয়ালিটি ইন্সপেক্টর বিপ্লব ভট্টাচার্য বলেন, “তিন দিন ধরেই আমরা শান্তিপূর্ণভাবে নিজেদের দাবি আদায়ে বিক্ষোভ করছি। অনেকেই বলছেন আমাদের দাবি মেনে নেয়া হয়েছে, তবে কর্তৃপক্ষ কিছুই বলছে না।”
নাদিয়া গার্মেন্টের আয়রন ম্যান জহিরউদ্দিন বলেন, “আমাদের দাবিগুলো ন্যায়সঙ্গত। সাভারের আশুলিয়ায় এ গ্রুপের অন্য কারখানার শ্রমিকরা এসব সুযোগ সুবিধা পায়। অথচ রাতদিন পরিশ্রম করেও আমরা তা থেকে বঞ্চিত হই।”
এ বিষয়ে জানতে চাইলে নাদিয়া গার্মেন্টের জিএম গোলাম মোস্তফা বলেন, “আমরা মালিকের অনুমতি ছাড়া কোনো কথা বলতে পারব না।”
পুলিশের রমনা জোনের এসি শিবলী নোমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শ্রমিকরা শান্তিপূর্ণভাবে মৌচাক, মালিবাগ, রামপুরা এলাকায় বিক্ষোভ মিছিল করেছে। তারা সড়ক অবরোধ বা কোনো ধরনের ভাংচুর করেনি।
রমনা থানার ওসি মশিউর রহমান জানান, এনভয় গ্রুপের মালিক বিজিএমইএর সাবেক সভাপতি আব্দুস সালাম মুর্শেদী। রাজধানীতে তার কয়েকটি পোশাক কারখানা রয়েছে।
তিনি বলেন, “বিক্ষোভকারীদের দুটি দাবি গার্মেন্ট মালিক মেনে নিয়েছেন বলে শুনেছি। তবে কোনো নেতা না থাকায় শ্রমিকরা এরপরও বিক্ষিপ্তভাবে বিক্ষোভ করছে।
ইস্কাটনের ওই তিন পোশাক কারখানায় প্রায় ১৩০০ কর্মী কাজ করেন বলে সংশ্লিষ্টরা জানান।
