যশোরে পাটকলের গুদাম পুড়ে ছাই
যশোরের ঝুমঝুমপুরে আহাদ জুট মিলের গুদামে আগুন লেগে ছাই হয়েছে কোটি টাকার পাট।
রাতে কর্তব্যরত শ্রমিকরা ধোঁয়া দেখে দ্রুত আগুন নেভানোর চেষ্টা চালান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
যশোর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল্লাহ আল আরেফিন জানান, অগ্নি নির্বাপক কর্মীরা ভোর ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
তবে সকালেও ওই গুদামের বিভিন্ন অংশ থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। গুদামের ভেতর থেকে সব পাট বের না করা পর্যন্ত আগুন পুরোপুরি নেভানো সম্ভব হবে না বলেও জানান তিনি।
তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানাতে পারেননি ফায়ার সার্ভিস কর্মীরা।
মিলের হিসাবরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ শহীদুল্লাহ জানান, এটিই ছিল মিলের সবচে বড় গুদাম। ভেতরে ছিল প্রায় ৫০ হাজার মন পাট।
সব মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকায় দাঁড়াবে বলে তার ধারণা।
