চাঁদপুরে সংঘর্ষে যুবলীগ নেতার চোখ উপড়ে গেছে
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় সংঘর্ষের সময় ধারালো অস্ত্রের আঘাতে স্থানীয় এক যুবলীগ নেতার চোখ উপড়ে গেছে বলে জানিয়েছে পুলিশ। এ সময় আহত হয়েছেন কমপক্ষে ছয়জন।
রোববার রাত আটটার দিকে গর্ন্ধব্যপুর ইউনিয়ন ডাটরা শিবপুর বাজারে একটি সালিশে দুইপক্ষের মধ্যে বাকবিতণ্ডার জের ধরে এ সংঘর্ঘ হয়।
এ সময় চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার গর্ন্ধব্যপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম বাদশার চোখ উপড়ে যায় বলে জানিয়েছেন হাজীগঞ্জ থানার ওসি দেওয়ান আবুল হোসেন।
তিনি জানান, ধারালো অস্ত্রের আঘাতে বাদশার বাম চোখ উপড়ে যায় এবং ডান চোখ মারাত্মক জখম হয়। তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনাস্থল থেকে ২ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ওসি।
এ ঘটনার জন্য আওয়ামী লীগ নেতারা বিএনপি-জামায়াত কর্মীদের দায়ী করেছেন।
সংঘর্ষে আহত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন বাচ্চু বলেন, ডাটরা শিবপুর বাজারে একটি সালিশি বৈঠক চলাকালে বিএনপি ও জামায়াতের কর্মীরা একত্রিত হয়ে বাদশার উপর হামলা করলে সংঘর্ষ শুরু যায়।
বিএনপি-জামায়াত কর্মীরা বাদশার চোখ উপড়ে ফেলে বলেও অভিযোগ করেন তিনি।
তবে সংঘর্ষে জড়িত অভিযুক্ত বিএনপিকর্মী আলীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
