২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিমন্ত্রীর অসাবধানতা

জামায়াতে ইসলামীর নেতাদের নিয়ে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলামের বক্তব্য শুধরে দিয়েছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2013, 01:53 PM

Updated : 23 Aug 2022, 10:56 AM

সোমবার আইন প্রতিমন্ত্রী ‘অসাবধানতাবশত কিছু কথা উচ্চারণ করেছেন’ উল্লেখ করে এর সংশোধনী দিয়েছে পিআইডি।

তথ্য বিবরণীতে বলা হয়েছে, বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে কামরুল ইসলাম সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অসাবধানতাবশত কিছু কথা উচ্চারণ করেছেন।

“অসাবধানতাবশত তিনি বলেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জামায়াতের তিন নেতাকে জরিমানা এবং এর মধ্যে দুজনকে কারাদণ্ড দেয়ার আগামী নির্বাচনে অংশ নিতে তারা অযোগ্য হবেন এবং যারা সংসদ সদস্য তাদের সংসদ সদস্য পদ থাকবে না।”

‘তার একথা সঠিক নয়’ উল্লেখ করে তথ্য বিবরণীতে বলা হয়, “প্রকৃতপক্ষে তার বক্তব্য হলো- তাদের দণ্ড বাতিল করতে হলে ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করতে হবে।”

অভিযুক্ত এই জামায়াত নেতাদের নিয়ে কামরুল ইসলামের বক্তব্যের কয়েক ঘণ্টা পরেই এর সংশোধনী এলো।

ট্রাইব্যুনালে বিচারাধীন বিষয় নিয়ে মন্তব্য করায় এর আগে কয়েকজন মন্ত্রী ও মন্ত্রী পদমর্যাদার ব্যক্তিকে নিয়ে নালিশ সামলাতে হয় যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালকে। 

আদালত অবমাননার দায়ে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য সাংসদ হামিদুর রহমান আযাদ এবং ঢাকা মহানগরীর সহকারী সেক্রেটারি মো. সেলিম উদ্দিনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বিচারাধীন বিষয়ে বক্তব্য দেয়ায় গত ২১ এপ্রিল এই তিন জামায়াত নেতাকে আদালত অবমাননার দায়ে অভিযুক্ত করে ট্রাইব্যুনাল।