প্রধান কারখানা পরিদর্শক বদলি
প্রধান কারখানা পরিদর্শক মো. হাবিবুল ইসলামকে বদলি করে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের উপ-সচিব করা হয়েছে।
একইসঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপ-সচিব মো. মশিউর রহমানকে প্রধান কারখানা পরিদর্শক হিসাবে নিয়োগ দেয়া হয়েছে।
সোমবার পৃথক আদেশ জারি করে বদলির নির্দেশ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
সাভারে রানা প্লাজা ধসে সহস্রাধিক মানুষ নিহতের ঘটনায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের তদন্ত কমিটির প্রতিবেদনে ২৪ জনকে দায়ী করা হয়।
যুক্তরাজ্যের বাংলাদেশ হাই কমিশনের প্রেস মিনিস্টার রাশেদ চৌধুরী এবং যুক্তরাষ্ট্রের বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার স্বপন কুমার সাহার চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ আরো এক বছর বাড়ানো হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশে বলা হয়, রাশেদ চৌধুরীর চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ চলতি বছরের ৫ জুলাই থেকে এবং স্বপন কুমার সাহার চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ ১১ জুলাই থেকে এক বছরের জন্য বাড়ানো হয়েছে।
অন্যদিকে আগামী ৬ জুলাই অনুষ্ঠেয় গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনের ২৫ কর্মকর্তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসাবে নিয়োগ দিয়ে পৃথক আদেশ জারি করা হয়েছে।
৩ জুলাই কিশোরগঞ্জ-৪ আসনে উপ-নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনের ১২ কর্মকর্তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসাবে নিয়োগ দেয়া হয়েছে।
এছাড়া চার সিনিয়র সহকারী সচিবকে অতিরিক্ত জেলা প্রশাসক এবং দুই উপ-সচিব ও একজন সিনিয়র সহকারী সচিবকে বদলি করে পৃথক আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
