২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে জাহাঙ্গীরের প্রার্থিতা ‘বাতিল’

পদত্যাগের কাগজ-পত্র উপস্থাপন করতে না পারায় গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র ‘বাতিল’ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2013, 01:18 PM

Updated : 23 Aug 2022, 10:56 AM

মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিন সোমবার বিকালে রিটার্নিং অফিসার মো. মতিয়ার রহমান এ ঘোষণা দেন।

তবে প্রার্থী জাহাঙ্গীর আলম এ ব্যাপারে আপিল করেছেন।

রিটার্নিং অফিসার মো. মতিয়ার রহমান সাংবাদিকদের জানান, রোববারই ওই প্রার্থীকে সোমবার বিকেল ৪টার মধ্যে পদত্যাগের প্রয়োজনীয় কাগজ-পত্র দাখিলের জন্য সময় বেঁধে দেয়া হয়েছিল।

“কিন্তু তা দাখিলে ব্যর্থ হওয়ায় জাহাঙ্গীর আলমের প্রার্থিতা বাতিল করা হয়েছে।”

এছাড়াও এ নির্বাচনে ঋণ খেলাপী, মামলা, তথ্যে গড়মিল থাকা, প্রয়োজনীয় কাগজপত্রের স্বল্পতাসহ বিভিন্ন অভিযোগে ২ জন মেয়র, ২০ জন সাধারণ কাউন্সিলর ও ৩ জন সংরক্ষিত নারী আসনের কাউন্সিলরের মনোনয়ন বাতিল করা হয়েছে বলে জানান রিটার্নিং কর্মকর্তা।

তিনি আরো জানান, পদত্যাগপত্র গৃহীত না হওয়ায় জাহাঙ্গীর আলম ঢাকা বিভাগীয় কমিশনারের কাছে আপিল করেছেন। এ ব্যাপারে ১৩ জুন শুনানির দিন ধার্য করা হয়েছে।

এ ব্যাপারে জাহাঙ্গীর আলম সাংবাদিকদের বলেন, তিনি গত ২ জুন স্থানীয় সরকার বিভাগের সচিব বরাবর পদত্যাগপত্র গাজীপুর জেলা প্রশাসকের কাছে দাখিল করেন।

এ দিনই পদত্যাগপত্রটি (যার স্মারক নম্বর ৪৬.১২.৩৩০০.০০৪.২১.০০১.১১-২৫২-গাজী) মন্ত্রণালয়ে পাঠানো হয়। 

এ ব্যাপারে আপিল করা হয়েছে জানিয়ে জাহাঙ্গীর বলেন, এর পেছেনে ‘সরকারদলীয় প্রার্থীর’ ইন্ধন রয়েছে।

ইতোমধ্যে যাচাই-বাছাই শেষে মেয়র পদে বিএনপি সমর্থিত এম এ মান্নান ও ১৪ দল সমর্থিত আজমত উল্লহ খানসহ ৭ মেয়র প্রার্থীর মনোনয়ন প্রাথমিকভাবে বৈধ ঘোষণা করা হয়েছে ।

রোববার ব্যাংকে ঋণ খেলাপীর অভিযোগে মেয়র প্রার্থী ডা. নাজিম উদ্দিনের মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশন।