নাটোরে ট্রাকচাপায় উপাধ্যক্ষের মৃত্যু, সড়ক অবরোধ
ট্রাকচাপায় নাটোরের সিংড়া উপজেলার শোলাকুড়া ইসলামিয়া আলীম মাদ্রাসার উপাধ্যক্ষ মোহাম্মদ আলী খানের (৫০) মৃত্যু হয়েছে।
সোমবার সকালে উপজেলার জোলার বাতা মোড়ে এ ঘটনার পর উত্তেজিত জনতা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। এতে প্রায় দু’ঘন্টা নাটোর-বগুড়া সড়কে যান চলাচল বন্ধ থাকে।
মোহাম্মদ আলী খান উপজেলার শালমারা গ্রামের মৃত চাঁন খানের ছেলে।
ঘটনার সত্যতা স্বীকার করে সিংড়া থানার ওসি গোলাম হায়দার ফায়জুর রহমান জানান, সকাল সাড়ে আটটায় নাটোরগামী একটি ধান বোঝাই ট্রাক পেছন থেকে মোহাম্মদ আলী খানের মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
পরে বিক্ষুব্ধ লোকজন জোলার বাতা মোড়ে স্পিডব্রেকারের দাবিতে সড়ক অবরোধ করে রাখে। দুই ঘণ্টা পর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুর রহমান খান গিয়ে লোকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে নেন।
চালক ট্রাকটি নিয়ে পালিয়ে গেছে বলে জানান ওসি।
