ইস্কাটনে পোশাক শ্রমিকদের বিক্ষোভ
দুপুরের খাবারের ভাতা ও হাজিরা বোনাসের দাবিতে রাজধানীর ইস্কাটনে বিক্ষোভ করেছে একটি পোশাক কারখানার শ্রমিকরা।
রামনা থানার পরিদর্শক (পেট্রোল) মো. শহীদ জানান, সোমবার সকালে ইস্কাটনের ‘নাদিয়া স্ট্রাস এন্ড রিগ্যাল’ নামের ওই কারখানার শ্রমিকরা কারখানা চত্বরে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে।
পরে মালিকপক্ষ এসে দাবি পূরণের আশ্বাস দিলে শ্রমিকরা সরে যান বলে পরিদর্শক শহীদ জানান।
প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রমিকরা সকালে গলিতে মিছিল করলেও ভাংচুরের কোনো ঘটনা ঘটেনি।
নাদিয়া স্ট্রাস এন্ড রিগ্যালে প্রায় ১৩০০ কর্মী কাজ করেন বলে সংশ্লিষ্টরা জানান।
