২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, কারখানা বন্ধ

বেতন-ভাতা বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে শ্রমিক বিক্ষোভের মুখে আশুলিয়ায় একটি পোশাক কারখানা বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2013, 09:13 AM

Updated : 23 Aug 2022, 10:56 AM

এছাড়া আরেক কারখানায় বিক্ষোভরত শ্রমিকদের পুলিশ লাঠিপেটা করলে অন্তত ৩০ জন আহত হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

সোমবার সকালে বন্ধের নোটিশ দেয়া হয়েছে আশুলিয়ার পলাশবাড়ীর ‘পার্ল গামের্ন্টস লিমিটেডে’।

পুলিশ লাঠিপেটা করেছে এবং কাঁদানে গ্যাস ছুঁড়েছে আশুলিয়া থানার পাশের ‘ফাউন্টেন গামের্ন্টস লিমিটেডের’ শ্রমিকদেরকে।

শিল্প পুলিশ-১ আশুলিয়া জোনের উপসহকারী পরিচালক আব্দুস সাত্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেতন-ভাতা বৃদ্ধি ও কারখানার কয়েকজন কর্মকর্তাকে অপসারণসহ বিভিন্ন দাবিতে কয়েকদিন ধরে বিক্ষোভ করে আসছে পার্ল গামের্ন্টস লিমিটেড কারখানার প্রায় দুই হাজার শ্রমিক।

রোববারও শ্রমিকরা একই দাবিতে বিক্ষোভ করে। অব্যাহত শ্রমিক অসন্তোষের মুখে সোমবার সকালে কর্তৃপক্ষ কারখানাটি অনিদির্ষ্টকালের জন্য বন্ধ ঘোষণার নোটিশ ঝুলিয়ে দেয়।

সকালে শ্রমিকরা কারখানায় এসে বন্ধের নোটিশ দেখে বিক্ষোভ শুরু করে। পরে পুলিশ আসলে তারা চলে যায়, জানান তিনি।

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) শাহীনুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেতন-ভাতা বৃদ্ধিসহ বেশ কয়েকটি দাবিতে সকাল থেকেই বিক্ষোভ করে আসছিল আশুলিয়া থানার পাশের ফাউন্টেন গামের্ন্টস লিমিটেডের শ্রমিকরা।

পরে দুপুরে শ্রমিকরা কারখানা থেকে বেরিয়ে বিক্ষোভ শুরু করলে পুলিশ কাঁদানে গ্যাস, রাবার বুলেট ছুঁড়ে ও লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

পুলিশের হামলায় অন্তত ৩০ জন শ্রমিক আহত হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।

শিল্প পুলিশের সহকারী পরিচালক মো. মনিরুজ্জামান জানান, বেতন-ভাতা, টিফিন ফিসহ কিছু দাবি দাওয়া নিয়ে কারখানাটির প্রায় আড়াই হাজার শ্রমিক বিক্ষোভ করে কারখানা থেকে বেরিয়ে পরে।

এ সময় পুলিশ তাদের বাধা দিলে ক্ষুব্ধ শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়তে থাকে। পরে অবস্থা বেগতিক দেখে কয়েক রাউন্ড কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছোড়ে পুলিশ।

তিনি আরও বলেন, শ্রমিকদের  ইটের আঘাতে শিল্প পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মনিরুল ইসলাম আহত হয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

এ ঘটনার পর কারখানাটি একদিনের ছুটি ঘোষণা করা হয়েছে বলেও পুলিশ জানিয়েছেন।

তবে দুটি কারখানারই কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ চেষ্টা করেও পাওয়া যায়নি।