২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে যুবককে গলাকেটে হত্যা

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় এক ব্যক্তিকে নিজের বাড়িতে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2013, 08:53 AM

Updated : 23 Aug 2022, 10:56 AM

সোমবার দেওয়ানগঞ্জ পৌরসভার ডালবাড়ি গ্রামের বাড়ি থেকে নুরুল ইসলামের ছেলে বাবুল মিয়ার (৩৬) লাশ উদ্ধার করা হয়। বাবুল ঠিকাদারী ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাবুলের পঞ্চম স্ত্রীকে পুলিশ আটক করেছে।

দেওয়ানগঞ্জ থানার ওসি মিজানুর রহমান পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানান, বাবুল মিয়া রোববার রাতে নিজ ঘরে একা ঘুমিয়েছিলেন।

সকালে খাটের উপর বাবুলের গলাকাটা লাশ উদ্ধার করা হয়।

ওসি বলেন, বাবুল এরইমধ্যে পাঁচটি বিয়ে করেছেন। প্রথম চার স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর বিয়ে করেন দেওয়ানগঞ্জের তারাটিয়া গ্রামের নাসিমা আক্তারকে।

ঘটনার রাতে নাসিমা আক্তার বাবার বাড়ি ছিলেন।

পুলিশ নাসিমাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়েছে।

এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। লাশ ময়নাতদন্তের জন্য লাশ জামালপুর মর্গে পাঠানো হয়েছে।