চট্টগ্রামে আরো ৪ ভবনের বাসিন্দাদের সরে যেতে হবে
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল স্টাফ কোয়ার্টারের বারান্দা ধসের পর ওই কলোনির ‘ঝুঁকিপূর্ণ’ আরও চার ভবনের বাসিন্দাদের সরে যেতে বলেছে কর্তৃপক্ষ।
নগরীর গোঁয়াছি বাগানে স্টাফ কলোনির একটি ভবনের দোতলার বারান্দা রোববার হঠাৎ ধসে পড়ে। এর পরপরই জেলা প্রশাসন, গণপূর্ত বিভাগ ও মেডিকেল কর্তৃপক্ষ এসে বাসিন্দাদের সরিয়ে নেয় এবং ভবনটি বন্ধ করে দেয়।
সোমবার সকালে ফায়ার সার্ভিসের সহায়তায় ভবনটি থেকে বাসিন্দাদের আসবাবপত্র সরিয়ে নিতে দেখা যায়।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক জসিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই ভবনের ছয়টি পরিবারের আসবাবসহ অন্যান্য জিনিসপত্র সরিয়ে নেয়া হচ্ছে।”
ভবনটিতে যাতে আর কেউ থাকতে না পারে, সেজন্যই এ ব্যবস্থা বলে জসিম জানান।
এদিকে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ ওই কলোনির আরো চারটি ভবনকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসাবে চিহ্নিত করে বসবাসকারীদের ‘নিজ দায়িত্বে’ সরে যেতে বলেছে।
চট্টগ্রাম জেলা প্রশাসন কার্যালয়ে বৈঠক করে ঝুঁকিপূর্ণ ভবনগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
ওই কলোনির পাঁচটি ভবনে মোট ৪৮টি পরিবার বসবাস করে।
