স্বামীকে হত্যার দেড়যুগ পর স্ত্রীর যাবজ্জীবন
স্বামীকে হত্যার দায়ে স্ত্রীসহ সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে নেত্রকোনার একটি আদালত।
সোমবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আব্দুল হামিদ এ রায় দেন।
একইসঙ্গে দণ্ডিতদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয়মাস করে সশ্রম কারাভোগ করতে হবে।
১৯৯৪ সালের ৩০ মে খুন হন মদন উপজেলার দেওশ্রী গ্রামের মারফত আলী।
দণ্ডিতরা হলেন মারফত আলীর স্ত্রী খোদেজা খাতুন, দেওশ্রী গ্রামের সাহাব উদ্দিন, আব্দুল গণি, মোবারক, কোবেদ আলী, তমজিদ ও লুৎফুর রহমান।
রায়ের সময় তমজিদ ও লুৎফর রহমান উপস্থিত ছিলেন। বাকিরা পলাতক।
এছাড়া মামলা চলাকালে ছয় আসামি মারা যাওয়ায় তাদের অব্যহতি দেয়া হয়েছে।
সংশ্লিষ্ট আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর সুভাষ বণিক অজয় জানান, ১৯৯৪ সালের ৩০মে সন্ধ্যায় দেওশ্রী গ্রামের আলাল উদ্দিন ও সাহাব উদ্দিনের পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
সংঘর্ষের ঘটনায় আলাল উদ্দিনের পক্ষকে ফাঁসাতে ওইদিন ভোররাতে মারফত আলীকে কুপিয়ে খুন করে সাহাব উদ্দিন, খোদেজা খাতুনসহ অন্য আসামিরা।
পরদিন জোরপূর্বক টিপসই নিয়ে মারফত আলীর ছেলে হাছু মিয়াকে দিয়ে আলাল উদ্দিনদের বিরুদ্ধে মদন থানায় হত্যা মামলা করান খোদেজা খাতুন।
পুলিশের তদন্তে সাহাব উদ্দিন ও খোদেজা খাতুনরা মারফত আলীর হত্যাকারী বলে প্রমাণিত হয়।
একই বছর ৩১ ডিসেম্বর খোদেজা খাতুনসহ ১৩ জন আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।
