২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালবিরোধী মিছিলের পর শাহবাগে বিস্ফোরণ

জামায়াতে ইসলামীর ডাকা হরতাল প্রত্যাখ্যান করে গণজাগরণ মঞ্চের মিছিলের পরপরই রাজধানীর শাহবাগে দুটি হাতবোমা ফাটিয়েছে হরতালকারীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2013, 07:08 AM

Updated : 23 Aug 2022, 10:56 AM

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সুজন মণ্ডল ঘটনাস্থল জানান, বেলা পৌনে ১টার দিকে জাতীয় যাদুঘরের উল্টো দিকে আইল্যান্ডের কাছে দুটি ককটেল ফাটানো হয়। তবে কাছাকাছি কেউ না থাকায় হতাহাতের কোনো ঘটনা ঘটেনি। 

একজন প্রত্যক্ষদর্শী জানান, টিএসসির দিক থেকে একটি মোটরসাইকেলে আসা দুই যুবক শাহবাগে ককটের ফাটিয়ে দ্রুত কাঁটাবনের দিকে চলে যায়।

হাতবোমা বিস্ফোরণের কিছুক্ষণ আগেই হরতালবিরোধী মিছিল শেষ করে শাহবাগে ফেরেন গণজাগরণ মঞ্চের কর্মীরা, যারা যুদ্ধাপরাধের সর্বোচ্চ শাস্তি ও জামায়াত নিষিদ্ধের দাবিতে গত ফেব্রুয়ারি থেকে আন্দোলন চালিয়ে আসছেন।  

যেখানে হাতবোমা দুটি বিস্ফোরিত হয়েছে, ওই স্থানটিতেই কিছুদিন আগেও আন্দোলনকর্মীদের মঞ্চ ছিল।

শাহবাগ থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, “কারা এ ঘটনা ঘটিয়েছে তা বের করার চেষ্টা করছি আমরা।”

বিস্ফোরণের পরপর ওই এলাকায় পুলিশের নজরদারি বাড়ানো হয় এবং মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশায় তল্লাশি শুরু হয়।   

আদালত অবমাননার দায়ে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে তিন নেতাকে সাজা দেয়ায় প্রতিবাদে রোববার দুপুরে সারাদেশে সকাল-সন্ধ্যা  হরতালের ডাক দেয় জামায়াত।

এই হরতাল প্রতিরোধের ঘোষণা দিয়ে সকাল সাড়ে ১১টার দিকে ব্যানার ও জাতীয় পতাকা নিয়ে শাহবাগ থেকে জাগরণ মঞ্চের মিছিল শুরু হয়। টিএসসি ও কেন্দ্রীয় শহীদ মিনার হয়ে আবার শাহবাগেই শেষ হয় এই মিছিল।

শহীদ মিনারে এক সংক্ষিপ্ত সমাবেশে মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, “জামায়াত নানাভাবে রাজপথ উত্তপ্ত করছে। একমাত্র নিষিদ্ধ করেই তাদের রোখা সম্ভব। গণজাগরণ মঞ্চের ছয় দফা বাস্তবায়নের মাধ্যমে জামায়াতকে নিষিদ্ধ করে তাদের নিশ্চিহ্ন করতে হবে।”