চট্টগ্রাম বন্দরে দুই কন্টেইনার পণ্য আটক
‘মিথ্যা ঘোষণা দিয়ে’ চট্টগ্রাম বন্দরে আনা দুটি কন্টেইনারভর্তি পণ্য আটক করা হয়েছে।
রোববার বিকালে বন্দরের এনসিটি ইয়ার্ডে রাখা কন্টেইনার দুটি পরীক্ষা করে জালিয়াতির ঘটনা উদ্ঘাটন করে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ।
আমদানি করা এসব পণ্যের মধ্যে রয়েছে- এলইডি টেলিভিশন, মোবাইল ফোন, আইফোন, ডিজিটাল ক্যামেরা এবং ভিডিও ক্যামেরাসহ বিভিন্ন ইলেক্ট্রনিক্স পণ্য।
কাগজপত্রে দেখা যায়, রাজধানীর এলিফ্যান্ট রোডের সান কম্পিউটার লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান কম্পিউটারের যন্ত্রাংশের ঘোষণা দিয়ে এসব পণ্য আমদানি করে।
চট্টগ্রাম কাস্টমসের যুগ্ম কমিশনার মাহমুদুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মিথ্যা ঘোষণা দিয়ে সান কম্পিউটারের নামে এসব পণ্য আনা হয়েছে।
মাহমুদুল বলেন, “(তবে) এসব পণ্য তারা (সান কম্পিউটার) আনেনি বলে আমাদের পত্র দিয়ে জানিয়েছে। তাদের পক্ষ থেকে পণ্য খালাসের কোনো বিল অব এন্ট্রিও দাখিল করা হয়নি।”
গত ১৮ মে সিঙ্গাপুর থেকে ২০ ও ৪০ ফুট দৈর্ঘ্যের দুটি কন্টেইনার ভর্তি পণ্য চট্টগ্রাম বন্দরে আসে।
তিনি জানান, তাদের সুনাম ক্ষুণœ করতেই মিথ্যা ঘোষণা দিয়ে এসব পণ্য আনা হয়েছে বলে চিঠিতে দাবি করেছে সান কম্পিউটার লিমিটেড।
“বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”
এই শুল্ক কর্মকর্তা বলেন, কন্টেইনার দুটিতে থাকা ইলেক্ট্রনিক্স পণ্যের আনুমাণিক মূল্য প্রায় সাড়ে ছয় কোটি টাকা। এগুলোর ওপর প্রযোজ্য শুল্ক করের পরিমাণ প্রায় এক কোটি ৮০ লাখ টাকা।
এঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে শুল্ক আইনে ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি।
