চাঁদপুরে যৌতুকের দাবিতে স্ত্রী ‘হত্যা’র অভিযোগ
চাঁদপুরে যৌতুকের দাবিতে স্বামীর নির্যাতনে সাবিনা আক্তার (২৫) নামে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে।
রোববার দুপুরে সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের নুরুল্লাপুর গ্রাম থেকে সাবিনার লাশ উদ্ধার করে পুলিশ।
পরিবারের বরাত দিয়ে চাঁদপুর সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহ আলম জানান, ৩/৪ বছর আগে নুরুল্লাপুর গ্রামের সাবিনার সঙ্গে একই গ্রামের ফার্নিচার ব্যবসায়ী হেলালের বিয়ে হয়। বিয়ের পর থেকেই হেলাল তার স্ত্রীকে যৌতুকের জন্য নির্যাতন করে আসছিলেন।
শনিবার রাতেও সাবিনাকে যৌতুকের জন্য নির্যাতন করা হয়। সকালে সাবিনার নাক-মুখ দিয়ে রক্ত বের হওয়া লাশ স্থানীয় লোকজন দেখতে পেয়ে বিষয়টি তার বাবা আব্দুল বাতেন প্রধানিয়াকে জানায়।
পুলিশ দুপুরে সাবিনার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।
ঘটনার পর থেকে হেলাল পলাতক রয়েছেন। এ ঘটনায় কেউ আটক হয়নি।
সাবিনার দুই বছরের একটি মেয়ে সন্তান রয়েছে।
