২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রীয়ভাবে ‘তাহের দিবস’ পালনের দাবি

রাষ্ট্রীয়ভাবে ‘তাহের দিবস’ পালন এবং এ সংক্রান্ত উচ্চ আদালতের সব নির্দেশনা বাস্তবায়নের দাবি জানিয়েছে কর্নেল তাহের সংসদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2013, 11:04 AM

Updated : 23 Aug 2022, 10:56 AM

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাহের সংসদ এ দাবি জানিয়েছে।

১৯৭৫ সালের ১৫ অগাস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর সেনাবাহিনীতে রক্তক্ষয়ী অভ্যুত্থান-পাল্টা অভ্যুত্থান চলে। এরই এক পর্যায়ে ওই বছরের ৭ নভেম্বর সেনানিবাসে আটক মেজর জেনারেল জিয়াউর রহমানকে সিপাহীদের সহায়তায় মুক্ত করেন জাসদের সামরিক শাখা গণবাহিনীর অধিনায়ক লে. কর্নেল আবু তাহের। এই অভ্যুত্থানের ১৫ দিনের মাথায় ২২ নভেম্বর তাহেরকে গ্রেপ্তার করা হয়। পরে দেশোদ্রোহীতার অভিযোগ এনে তাহেরসহ ১৭ জনকে সামরিক আদালতে গোপন বিচারের মুখোমুখি করা হয়।

১৯৭৬ সালের ১৭ জুলাই রায়ের পর ২১ জুলাই ভোরে যুদ্ধাহত সেক্টর কমান্ডার লে. কর্নেল তাহেরের ফাঁসি কার্যকর করা হয়।

বিজ্ঞপ্তিতে তাহের দিবসে রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানের বাণী প্রদান, জাতীয় পতাকা অর্ধনমিত করাসহ সরকারিভাবে শোক পালন, তাহের স্মরণে ডাক টিকেট প্রকাশ, দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা ও রাজপথে কর্নেল তাহেরের নামাঙ্কণ করার জন্য পদক্ষেপ নেয়ারও আহ্বান জানানো হয়েছে।

হাই কোর্টের এক রায়ে বলা হয়, তৎকালীন সামরিক শাসক জিয়াউর রহমানের পরিকল্পনায় মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার তাহেরকে বিচারের নামে ঠাণ্ডা মাথায় হত্যা করা হয়েছিলো।

এদিকে আগামী ২১ জুলাই কর্নেল তাহেরের ফাঁসির ৩৭তম বার্ষিকীকে সামনে রেখে মাসব্যাপী ধারাবাহিক কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে তাহের সংসদের কার্যকরী পরিষদ।

এর মধ্যে রয়েছে, ১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ভবনে কর্নেল তাহেরের আলোকচিত্র উন্মোচন, ১২ জুলাই সকাল ৯টায় চারুকলা ইন্সটিটিউটে শিশু-কিশোরদের চিত্রাঙ্কণ প্রতিযোগিতা, ১৯ জুলাই বিকাল ৪টায় লালমাটিয়ায় তাহেরের স্ত্রী লুৎফা তাহেরের বাসভবনে কর্নেল তাহেরের ওয়েবসাইট উদ্বোধন, ২১ জুলাই সকালে তাহেরের সমাধিতে পুস্পমাল্য অর্পণ এবং এদিন বিকাল ৪টায় টিএসসি মিলনায়তনে ‘তাহেরের বিচার অবৈধ ঘোষণাকারী বিচারিক রায়ের ঐতিহাসিক তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা।

তাহের সংসদের সহ-সভাপতি অধ্যাপক আনোয়ার হোসেনের সভাপতিত্বে কার্যকরী পরিষদের সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুশতাক হোসেন, আবু সাঈদ খান, সাইফুল ইসলাম, ড. বীণা শিকদার, মনিরুল ইসলাম প্রমুখ।