২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংবাদকর্মীদের নতুন বেতন কাঠামো এ মাসেই: মন্ত্রী

সংবাদকর্মীদের জন্য চলতি মাসেই অষ্টম ওয়েজ বোর্ড চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2013, 09:04 AM

Updated : 25 Apr 2022, 06:50 PM

রোববার সচিবালয়ে ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের (ডিইউজে) নেতাদের সঙ্গে বৈঠকে তিনি বলেন, “আজ-কালের মধ্যে সাংবাদিক নেতাদের সঙ্গে আলোচনা করব। বোর্ড চেয়ারম্যানের সঙ্গে সচিবের কথা হয়েছে। প্রথা অনুযায়ী জুন মাসের মধ্যেই আপনারা ওয়েজ বোর্ড পাবেন।”

সরকারি সুযোগ-সুবিধা নিয়েও যারা ওয়েজ বোর্ড বাস্তবায়ন করছে না তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে বলেও উল্লেখ করেন তথ্যমন্ত্রী।

তিনি বলেন, “যারা সরকারি সুবিধা নিয়েও ওয়েজ বোর্ড বাস্তবায়ন করেনি তাদের কৈফিয়ত চাওয়া হবে এবং প্রয়োজনে সরকারি সুযোগ-সুবিধা বন্ধ করে দেব।”

গত ১৮ জুন সুপ্রিমকোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি ও প্রেস কাউন্সিলের সাবেক চেয়ারম্যান বিচারপতি কাজী এবাদুল হককে চেয়ারম্যান করে এই ওয়েজ বোর্ড গঠন করে সরকার।

এ বোর্ডকে ছয় মাসের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত করার লক্ষ্যে সুপারিশ দিতে বলা হয়। এরপর অক্টোবরে আসে ৫০ শতাংশ মহার্ঘ্যভাতার ঘোষণা, যা ২০১২ সালের ১ জুলাই থেকে কার্যকর করতে বলা হয়। 

অগাস্টের মধ্যে জাতীয় সম্প্রচার নীতিমালা চূড়ান্ত করা হবে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, বেসরকারি টেলিভিশন চ্যানেলের জন্য নীতিমালাও চূড়ান্ত পর‌্যায়ে রয়েছে।এছাড়া অনলাইন সংবাদপত্রের জন্যও আলাদা নীতিমালা করা হচ্ছে।

“প্রেস কাউন্সিলের সংস্কার ও যুগোপযোগী করা গুরুত্বপূর্ণ। অনেক নাগরিক ও কর্মকর্তা ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছেন। দেখি প্রেস কাউন্সিল আইন সংশোধন করতে পারি কি না।”

ডিইউজের একাংশের সভাপতি ওমর ফারুক চৌধুরীর নেতৃত্বে সংগঠনের নেতারা মন্ত্রীর সঙ্গে বৈঠকে বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরেন।

ডিইউজের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বলেন, অনেক পত্রিকাতেই সপ্তম ওয়েজবোর্ড ও ৫০ শতাংশ মহার্ঘ্যভাতা বাস্তবায়ন করা হয়নি। অনেক সংবাদপত্রে সাংবাদিকদের নিয়োগপত্রও দেয়া হয় না। মৌখিক নোটিসের মাধ্যমে তাদের চাকুরিচ্যুত করা হয়।

তিনি বলেন, বেশ কয়েকটি পত্রিকায় ছয় মাস থেকে এক বছরের বেতন-ভাতা বকেয়া রয়েছে। এর মধ্যে জনকণ্ঠ ও ইনকিলাবে এক বছর এবং ইন্ডিপেনডেন্ট পত্রিকায় তিন মাস ধরে বেতন হচ্ছে না। জনতাসহ আরো কয়েকটি পত্রিকায়রও একই চিত্র।

যুগান্তর, সমকাল, ইন্ডিপেন্ডেন্ট, আমাদের সময়, কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, ডেইলি সান পত্রিকায় ৫০ শতাংশ মহার্ঘ্য ভাতা দেয়া হয় না বলেও মন্ত্রীর কাছে অভিযোগ করেন এই সংবাদিক নেতা।

ওয়েজবোর্ড ও মহার্ঘ্যভাতা বাস্তবায়নের বিষয়টি তদারকির জন্য একটি ‘ত্রিপক্ষীয় কমিটি’ করারও সুপারিশ করেন আব্দুল মজিদ।

এছাড়া সংবাদপত্র অফিসে ট্রেড ইউনিয়ন করার সুযোগ, অনলাইন সংবাদপত্রের জন্য নীতিমালা প্রণয়ন, সাংবাদিকদের মধ্য থেকেই সরকারের প্রধান তথ্য কর্মকর্তা নিয়োগ, প্রেস মিনিস্টারের পদে নারী সাংবাদিকদের নিয়োগ, সংবাদপত্র শিল্পের জন্য আলাদা নীতিমালা, বেসরকারি টেলিভিশনের জন্য স্বতন্ত্র বেতন কাঠামো, নিউজপ্রিন্টের ওপর থেকে কর প্রত্যাহার, প্রেস কাউন্সিলকে শক্তিশালী করে সাংবাদিকতায় কমপক্ষে ১০ বছরের অভিজ্ঞতাধারীদের সম্পাদক পদে নিয়োগ দেয়ার দাবি জানান সাংবাদিক নেতারা।

ডিইউজের দপ্তর সম্পাদক মোজাম্মেল হক বলেন, প্রথম আলোতে ১২ বছর চাকরির পর তিন ভাগের এক ভাতা তাকে দেয়া হয়।

“এ নিয়ে মামলা করি। পরে বিচারক বলেন, যা দিতে চায় নিয়ে নেন। আমি তো একটা রায় দিতেই পারি। কিন্তু ওরা তো হাই কোর্টে আপিল করে আপনাকে ঝুলিয়ে রাখবে। যে টাকাগুলো পাওয়ার সুযোগ আছে তা পেতেও দেরি হয়ে যাবে।”

ডিইউজের সাবেক সভাপতি শাহ আলমগীর বলেন, সম্পাদক নিয়োগের কোনো নীতিমালা না থাকায় ‘চেয়ার-টেবিল নিয়ে বসেই’ সম্পাদক হওয়া যায়।

“৬-৭ জন সাংবাদিক নিয়ে একই অফিস থেকে তিনট পত্রিকা বের করা হচ্ছে। পত্রিকা খুলেই স্ত্রীকে সম্পাদক বানিয়ে দিচ্ছে।”

যারা সংবাদপত্রের মালিক তারা সবাই গণমাধ্যমের লোক কিনা- তা নিয়েও প্রশ্ন তোলেন এই সাংবাদিক নেতা।

শাহ আলমগীর বলেন, “গণমাধ্যমকে ঢেলে সাজানো প্রয়োজন। এটাকে মানুষের মাধ্যমে পরিণত করতে হবে।”

গাড়িতে সংবাদপত্রের স্টিকার লাগানোর বিষয়টি নিয়েও কিছু করার সুপারিশ করেন তিনি।

মাহমুদুর রহমানের পক্ষে বিবৃতি দেয়া ১৫ সম্পাদকের সমালোচনা করে সংগঠনের সভাপতি ওমর ফারুক বলেন, “এরা অসহায় সাংবাদিক ও যেসব সাংবাদিক বেতন-ভাতা পান না তাদের পক্ষে কখনো কথা বলেননি। এটা আমাদের পীড়া দেয়।”

অন্যদের মধ্যে তথ্যসচিব ও প্রধান তথ্য কর্মকর্তা এ বৈঠকে উপস্থিত ছিলেন।