রাষ্ট্রপতির ছেলে তৌফিকই উপনির্বাচনে একমাত্র প্রার্থী
কিশোরগঞ্জ-৪ আসনের উপনির্বাচনে দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে।
এখন একমাত্র বৈধ প্রার্থী রয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদের ছেলে রেজোয়ান আহম্মেদ তৌফিক।
রোববার দুপুরে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে মনোনয়নপত্র বাছাই হয়।
অপর দুই প্রার্থী আপিল না করলে বা আপিলের আবেদন নাকচ হলে রেজোয়ান আহম্মেদ তৌফিকের নির্বাচিত হওয়া কার্যত নিশ্চিত হয়ে গেল।
ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলা নিয়ে গঠিত কিশোরগঞ্জ-৪ সংসদীয় আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী ৩ জুলাই। আগামী ১৭ জুন প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন।
মনোনয়নপত্র বাতিল হয়েছে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সৈয়দ মহিদুল ইসলাম অসীম এবং জমিয়তে ওলামা ইসলাম দলের খালেদ সাইদুল্লাহর।
রিটার্নিং অফিসার মো. জাহিদ হোসেন বলেন, স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে প্রযোজ্য আইন অনুযায়ী ভোটারদের স্বাক্ষর ও পরিচয়ের সঙ্গে নির্বাচন কমিশনের ভোটার তালিকার গড়মিল থাকায় সৈয়দ মহিদুল ইসলাম অসীমের মনোনয়নপত্র বাতিল করা হয়।
এছাড়া জমিয়তে ওলামা ইসলাম দলের পক্ষ থেকে দলীয় মনোনয়নের কোনো কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় খালেদ সাইদুল্লাহর মনোনয়নপত্র বাতিল করা হয়।
আগামী তিনদিনের মধ্যে মনোনয়নপত্র বাতিল সিদ্ধান্তের বিরুদ্ধে ঢাকায় নির্বাচন কমিশনে প্রার্থীরা আপিল করতে পারবেন।
রিটার্নিং অফিসার জাহিদ আরো হোসেন, আগামী ১৭ জুন প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। এরপরই নির্বাচিত ঘোষণার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।
মনোনয়নপত্র বাছাইকালে রিটার্নিং অফিসার ছাড়াও উপস্থিত ছিলেন দুই প্রার্থী রেজোয়ান আহম্মেদ তৌফিক ও সৈয়দ মহিদুল ইসলাম অসীমসহ তাদের পক্ষে আইনজীবী ও সমর্থকরা।
