প্রধানমন্ত্রী সম্পর্কে আপত্তিকর লিফলেট, গ্রেপ্তার ২
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধু পরিবারকে নিয়ে আপত্তিকর লিফলেট বিতরণ করার অভিযোগে ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় দুই ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার বোয়ালমারী কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা আবুল হাসান (৫২) এবং গুণবহা-তালতলা জামে মসজিদের ইমাম মো. রবিউল ইসলামকে (৩২) গ্রেপ্তার করা হয়।
বোয়ালমারী থানার ওসি মো. রুহুল আমীন জানান, শুক্রবার ওই দুই ইমাম প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুর পরিবারকে নিয়ে আপত্তিকর তথ্য সম্বলিত লিফলেট বিতরণ করেন।
“বিষয়টি নিশ্চিত হওয়ার পর শনিবার তাদের গ্রেপ্তার করা হয়।”
গ্রেপ্তাররা প্রাথমিকভাবে তাদের অপরাধ স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
