২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৈমানিক তৈরিতে ইনস্টিটিউট খুলেছে ইউনাইটেড

বৈমানিক তৈরিতে সিলেটে ট্রেনিং ইনস্টিটিউট খুলেছে বেসরকারি বিমান সংস্থা ইউনাইটেড এয়ারওয়েজ। এই ইনস্টিটিউটে প্রশিক্ষণ পাবে কেবিন ক্রুরাও।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2013, 01:15 PM

Updated : 23 Aug 2022, 10:56 AM

শনিবার সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ‘টিএসি অ্যারোনটিক্যাল একাডেমির’ উদ্বোধন করেন বেসামরিক বিমান চলাচল মন্ত্রী মোহাম্মদ ফারুক খান।

ইউনাইটেড এয়ার এবং টিএসি অ্যারোনটিক্যাল একাডেমির ব্যাবস্থাপনা পরিচালক তাসবিরুল আহমেদ চৌধুরী সাংবাদিকদের বলেন, “প্রশিক্ষণার্থীদের জন্য পাঁচটি পিএ ২৮ প্রশিক্ষণ উড়োজাহাজ কেনা হয়েছে। এসব উড়োজাহাজ প্রশিক্ষণের পাশাপাশি চার্টার উড়োজাহাজ হিসেবেও ব্যবহার করা হবে।”

পরে বিমানমন্ত্রী মোহাম্মদ ফারুক খান বলেন, “বিশ্ব বাজারে দক্ষ বৈমানিকের প্রয়োজন ক্রমেই বাড়ছে। আর এসব বিবেচনায় সরকার সব সময়ই বেসরকারি উদ্যোগকে সহযোগিতা দিয়ে আসছে।”

কুমিল্লায়ও বৈমানিক প্রশিক্ষণ একাডেমির অনুমোদন দেয়া হয়েছে বলে জানান তিনি।

মন্ত্রী জানান, রাজশাহী, চট্রগ্রাম ও ঢাকায় তিনটি প্রশিক্ষণ একাডেমি চালু রয়েছে। এছাড়া যশোর এবং বরিশালেও দুটি প্রশিক্ষণ একাডেমি চালুর পরিকল্পনা রয়েছে।

দেশের এভিয়েশন খাতে বিনিয়োগের জন্য প্রবাসী বাংলাদেশিদেরও এগিয়ে আসার অনুরোধ জানান ফারুক খান।

প্রশিক্ষণের খুঁটিনাটি তুলে ধরেন তাসবিরুল আহমেদ। তিনি বলেন, এ প্রশিক্ষণ একাডেমি থেকে বের হওয়া প্রথম একশ জন বৈমানিককে ইউনাইটেড এয়ার চাকরি দেবে। প্রশিক্ষণ নেয়ার জন্য একজনকে ন্যূনতম ১৬ বছর বয়স্ক হতে হবে। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি পাস। গ্রাউন্ড এবং ফ্লাইং দুই ধরনের প্রশিক্ষণ দেয়া হবে প্রশিক্ষণার্থীদের।

প্রাইভেট ও কমার্সিয়াল বৈমানিক প্রশিক্ষণে মোট খরচ হবে যথাক্রমে নয় লাখ ৫৫ হাজার এবং ২০ লাখ ৫৮ হাজার টাকা। দুই ধরনের প্রশিক্ষণে সময় ধরা হয়েছে চার মাস।

সিলেটে পাইলট প্রশিক্ষণ একাডেমি উদ্বোধনের আগে শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইউনাইটেড এয়ারের একটি এমডি ৮৩ উড়োজাহাজ উদ্বোধন করেন বিমানমন্ত্রী।

এ সময় উপস্থিত ছিলেন বিমান সচিব খুরশীদ আলম চৌধুরী, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ারভাইস মার্শাল মাহমুদ হোসেন প্রমুখ।