শামীম হত্যা: আরেক এএসআই রিমান্ডে
পুলিশ হেফাজতে ব্যবসায়ী শামীম হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সাভার মডেল থানার এএসআই আকিদুল ইসলামকে পাঁচ দিনের রিমান্ড দিয়েছে আদালত।
শনিবার দুপুরে ঢাকার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আফরোজা শিউলি আসামিকে রিমান্ডে নেয়ার আদেশ দেন বলে জানিয়েছে আদালত পুলিশের প্রসিকিউশন বিভাগের কর্মকর্তা মো. আসাদুজ্জামান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরে এএসআই আকিদুলকে আদালতে হাজির করে সাত দিনের জিজ্ঞাসাবাদের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সাভার থানার পরিদর্শক আমিনুর রহমান। শুনানি শেষে বিচারক পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
শুক্রবার রাতে ঢাকার গাবতলী বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেপ্তার হন আকিদুল।
বৃহস্পতিবার একই মামলায় গ্রেপ্তার চার পুলিশ সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের পুলিশ হেফাজতের আদেশ দেয় আদালত।
এরা হলেন- আশুলিয়া থানার এসআই এমদাদুল হক এবং সাভার থানার তিন কনস্টেবল মোদাচ্ছের, রমজান ও ইউসুফ।
পরিদর্শক আমিনুর বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই চার পুলিশ সদস্যের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।
গত বুধবার রাতে শামীমকে আটক করে সাদা পোশাকের পুলিশ। পরিবারের দাবি, তারপরই শামীমের মুক্তির জন্য টাকা চায় পুলিশ সদস্যরা।
বৃহস্পতিবার সকালে রাজধানীর মিটফোর্ড হাসপাতালে এক ব্যক্তির লাশ ফেলে পালিয়ে যায় চার ব্যক্তি। পরে লাশটিকে শামীম সরকার (৩২) হিসেবে সনাক্ত করেন তার স্বজনরা।
এঘটনায় বৃহস্পতিবার দিনভর দায়ী পুলিশ সদস্যদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে সাভারের হেমায়েতপুরে বিক্ষোভ করে এলাকাবাসী। এসময় তারা একটি পুলিশ ফাঁড়িতে আগুন দেয়।
পরে গভীর রাতে নিহতের ভাই আমিন সরকার পাঁচ পুলিশ কর্মকর্তার নাম উল্লেখ করে সাভার মডেল থানায় একটি হত্যা মামলা করেন।
এঘটনায় জড়িত অভিযোগে ওই পাঁচজনসহ সাভার থানার এসআই সাজ্জাদ রুমনকে গ্রেপ্তার করা হয়েছে বলে ওই দিন বিকালে পুলিশের পক্ষ থেকে জানানো হলেও মামলা এজাহারে সাজ্জাদ রুমনের নাম অন্তর্ভুক্ত করা হয়নি।
তবে তদন্তে অভিযোগ পাওয়া গেলে এসআই সাজ্জাদ রুমনের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে বলে পরদিন পুলিশের পক্ষ থেকে জানানো হয়।
