২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শামীম নিহতের ঘটনায় চার পুলিশ রিমান্ডে

সাভারে ‘থানা হেফাজতে নির্যাতনে’ ব্যবসায়ী শামীম সরকারের নিহতের ঘটনায় চার পুলিশ সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়া হয়েছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2013, 12:21 PM

Updated : 25 Apr 2022, 06:50 PM

বৃহস্পতিবার দুপুরে ঢাকার বিচারিক হাকিমের আদালত তাদের পাঁচ দিনের হেফাজতে (রিমান্ড) নেয়ার আদেশ দেয় বলে জানান সাভার থানার পরিদর্শক (তদন্ত) আমিনুর রহমান।

এরা হলেন- আশুলিয়া থানার এসআই এমদাদুল হক এবং সাভার থানার তিন কনস্টেবল মোদাচ্ছেদ, রমজান ও ইউসুফ।

পরিদর্শক আমিনুর রহমান বলেন, আদালতে সাতদিনের রিমান্ড চাওয়া হয়েছিল। বিচারক পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে। চার আসামিকে সাভার থানায় নিয়ে আসা হচ্ছে।

বুধবার রাতে শামীমকে আটক করে সাদা পোশাকের পুলিশ। পরিবারের দাবি, তারপরই শামীমের মুক্তির জন্য টাকা চায় পুলিশ সদস্যরা।

বৃহস্পতিবার সকালে চার ব্যক্তি রাজধানীর মিটফোর্ড হাসপাতালে এক ব্যক্তির লাশ ফেলে পালিয়ে যায়। পরে তাকে শামীম সরকার (৩২) বলে চিহ্নিত করেন তার স্বজনরা।

বৃহস্পতিবার দিনভর দায়ী পুলিশ সদস্যদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে সাভারের হেমায়েতপুরে বিক্ষোভ করে এলাকাবাসী। এ সময় তারা একটি পুলিশ ফাঁড়িতে আগুন দেয়।

বিকালে ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) হাবিবুর রহমান সাংবাদিকদের বলেন, এ ঘটনায় জড়িত অভিযোগে ওই চারজন এবং সাভার থানার এসআই সাজ্জাদ রুমন, এএসআই আকিদুল ইসলামসহ মোট ছয় জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে সাময়িক বরখাস্তের কথাও জানান এসপি।

তবে শুক্রবার সকালে পুলিশ জানায়, এএসআই আকিদুল ইসলাম পলাতক রয়েছে, তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং তদন্তে অভিযোগ পাওয়া গেলে এসআই সাজ্জাদ রুমনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

বৃহস্পতিবার গভীর রাতে নিহত শামীমের ভাই আমিন সরকার পাঁচ পুলিশ কর্মকর্তার নাম উল্লেখ করে সাভার মডেল থানায় একটি হত্যা মামলা করেন।

এরা হলেন আশুলিয়া থানার এসআই এমদাদুল হক, সাভার থানার এএসআই আকিদুল ইসলাম এবং একই থানার তিন কনস্টেবল মোদাচ্ছেদ, রমজান ও ইউসুফ।

শামীম হত্যার ঘটনা তদন্তে বৃহস্পতিবার রাতে দুটি কমিটি গঠন করা হয়েছে।

এএসপি ফারুক হোসেনের নেতৃত্বে গঠিত কমিটির অন্য দুই সদস্য হলেন পুলিশের সাভার অঞ্চলের সহকারী সুপারিনটেনডেন্ট মশিউদ্দৌলা রেজা ও জেলা গোয়েন্দা কর্মকর্তা সাজ্জাদ হোসেন। এ কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

পুলিশের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক মিজানুর রহমানের নেতৃত্বে অপর কমিটির সদস্যরা হলেন অতিরিক্ত পুলিশ সুপার (ঢাকা রেঞ্জ) আসাদুজ্জামান ও সহকারী পুলিশ সুপার (সাভার অঞ্চল) রাসেল শেখ।

সাত কার্যদিবসের মধ্যে এই কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।