২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপকমিশনারকে প্রত্যাহারের আবেদন হিরনের

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে বরিশাল মহানগর পুলিশের উপকমিশনার (সদর) শোয়েব আহমেদকে প্রত্যাহারের দাবি জানিয়েছেন মেয়র পদপ্রার্থী শওকত হোসেন হিরন।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2013, 09:54 AM

Updated : 23 Aug 2022, 10:56 AM

এর আগে পুলিশ কমিশনার মো. শামসুদ্দিন, কোতোয়ালি থানার ওসি সাখাওয়াত হোসেন, বিমানবন্দর থানার ওসি শহিদুল ইসলাম ও কাউনিয়া থানার ওসি মাহবুবুর রহমানসহ কয়েকজন এসআইকে প্রত্যাহারের দাবি জানিয়েছিলেন অপর মেয়র পদপ্রার্থী আহসান হাবিব কামাল।

শনিবার বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি) নির্বাচনের রিটার্নিং অফিসার মুজিবুর রহমান জানান, গত সোমবার উপকমিশনার শোয়েব আহমেদকে প্রত্যাহারের আবেদন করেন হিরনের নির্বাচনী এজেন্ট অ্যাডভোকেট কেবিএস আহমেদ কবির।

তদন্তের স্বার্থে এতদিন বিষয়টি প্রকাশ করা হয়নি বলে তিনি জানান।

তিনি বলেন, পুলিশ কর্মকর্তাদের প্রত্যাহারের জন্য শওকত হোসেন হিরন ও আহসান হাবিব কামাল আবেদনে সুনির্দিষ্ট কোনো কারণ দেখাতে পারেননি। তাই তাদের আবেদনের বিপরীতে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি।

শওকত হোসেন হিরন মহাজোট সমর্থিত সম্মিলিত নাগরিক কমিটির এবং আহসান হাবিব কামাল বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী নাগরিক পরিষদের মসর্থনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।