ত্বকী হত্যা: সকল ‘অভিযুক্তকে’ গ্রেপ্তার দাবি
নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার ঘটনায় সব ‘অভিযুক্ত’ গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সামজিক-সাংস্কৃতিক-রাজনৈতিক সংগঠনের নেতারা।
ফাইল ছবি
ঢাকা ব্যান্ডের মাকসুদসহ কনসার্টে অংশ নেয় ব্যান্ডদল লীলা, চিৎকার, সমগীত ও গায়েন। আবৃত্তি করেন কণ্ঠালা আবৃত্তি সংগঠনের শিল্পীরা।
কনসর্ট চলার ফাঁকে ফাঁকে শিল্পীরা এ হত্যাকাণ্ডের নিন্দা জানান এবং এখনো খুনিরা গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন।
সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহবায়ক ও ত্বকীর বাবা রফিউর রাব্বির সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবির কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মনজুরুল আহসান খান, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জুনায়েদ সাকী, নাগরিক ঐক্য আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সাংসদ এস এম আকরাম, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্য সচিব কবি হালিম আজাদ।
আলোচনা সভাটি পরিচালনা করেন নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি প্রদীপ ঘোষ বাবু।
সভায় মনজুরুল আহসান খান বলেন, যারা পেশাদার খুনি তারাই ত্বকীকে হত্যা করেছে। রফিউর রাব্বিকে তিলে তিলে মারতেই ত্বকীকে হত্যা করা হয়েছে। বিশ্বজিত, ত্বকী, সাংবাদিক সাগর-রুনির হত্যাকারীরাই এখন ক্ষমতায়।
তিন মাসেও ত্বকীর খুনীদের গ্রেপ্তার করতে না পারায় ক্ষোভ প্রকাশ করে সাবেক সাংসদ এস এম আকরাম বলেন, সরকার দলের সাইনবোর্ড থাকলে যেকোন অপরাধ করেই পার পাওয়া যায়। অপরাধ করলেই সরকার বলে দেয় সে আওয়ামী লীগের কেউ নয়।
নারায়ণগঞ্জের প্রশাসনকে ‘অথর্ব’ উল্লেখ করে রফিউর রাব্বি বলেন, পুলিশের কিছু অসাধু কর্মকর্তাদের কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তাদের দক্ষতা আছে। কিন্তু তাদেরকে অথর্ব বানিয়ে রাখা হয়েছে।
নারায়ণগঞ্জের পুলিশ গডফাদার ও তাদের সন্তানদের পাহারা দেয়। পুলিশ এখন আর জনগণের পুলিশ নয়; পুলিশ এখন সন্ত্রাসী-গডফাদারদের পুলিশ হয়ে গেছে বলে অভিযোগ করেন এই সাংস্কৃতিক ব্যক্তিত্ব।
গত ৬ মার্চ বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হন নারায়নগঞ্জ গণজাগরণ মঞ্চের উদ্যোক্তা রফিউর রাব্বির ছেলে তানভীর মোহাম্মদ ত্বকী। ৮ মার্চ শীতলক্ষ্যার একটি খালে মেলে ত্বকীর মৃতদেহ। সে রাতেই সদর মডেল থানায় হত্যা মামলা করেন রাব্বি।
১৮ মার্চ রাব্বি হত্যাকাণ্ডের ঘটনায় শামীম ওসমান, তার ছেলে অয়ন ওসমান, যুবলীগ নেতা পারভেজ, জেলা ছাত্রলীগসহ সভাপতি রাজীব দাস, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সালেহ রহমান সীমান্ত ও রিফাতকে দায়ী করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশ সুপারের কাছে অবগতিপত্র দেয়।
ইতোমধ্যে এ মামলায় সীমান্ত ও রিফাতকে গ্রেপ্তার করে কয়েক দফা রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে।
