ঝিনাইদহে বাসচাপায় স্কুলছাত্র নিহত
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় বাসচাপায় এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় ঝিনাইদহ-যশোর মহাসড়কের খয়েরতলায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
মৃত জিহাদ হোসেন (৯) খয়েরতলা গ্রামের সোহরাব হোসেনের ছেলে। সে খয়েরতলা প্রাইমারি স্কুলের ৩য় শ্রেণির ছাত্র ছিল।
এর প্রতিবাদে স্থানীয়রা প্রায় দেড়ঘণ্টা সড়ক অবরোধ করেছে।
কালীগঞ্জ থানার ওসি লিয়াকত হোসেন জানান, মাগরিবের নামাজ পড়তে রাস্তা পার হয়ে মসজিদে যাচ্ছিল জিহাদ।
এ সময় একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলে জিহাদের মৃত্যু হয়।
এ সময় আশেপাশের লোকজন প্রায় দেড়ঘণ্টা সড়ক অবরোধ করে স্পিড ব্রেকারের দাবি জানায়।
প্রশাসনের আশ্বাসের পর তারা রাত ৮টার দিকে অবরোধ তুলে নেয়।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এবাদুল হক বলেন, জনগণ শান্তিপূর্ণভাবে সড়ক অবরোধ করেছিল।
