অস্ত্র ফিরে পেলেন জয়নাল হাজারী
ফেনীর সাবেক সাংসদ জয়নাল হাজারীর লাইসেন্স করা একটি আগ্নেয়াস্ত্র ফিরিয়ে দিয়েছে পুলিশ।
২০০১ সালের ১৭ অগাস্টে যৌথবাহিনী তার মাস্টার পাড়ার বাসা থেকে একাধিক অস্ত্রের সঙ্গে এই রাইফেলটিও জব্দ করেছিল।
ফেনী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ইকবাল বাহার চৌধুরী জানান, জয়নাল হাজারী তার জব্দকৃত আগ্নেয়াস্ত্রগুলো ফেরত চাইলে শুধু ‘টু-টু বোরের’ রাইফেলটি দেয়া হয়। তিনি এটির লাইসেন্সের কপি পুলিশকে দেখাতে পেরেছেন।
“জব্দ করা অন্য আগ্নেয়াস্ত্রগুলো ফেরত চাইলেও লাইসেন্স এর কপি দেখাতে না পারায় থানা কর্তৃপক্ষ সেগুলো দিতে অপারগতা প্রকাশ করে,” যোগ করেন এসআই ইকবাল বাহার।
২০০১ সালে যৌথবাহিনীর (বিডিআর-পুলিশ) তল্লাশির সময় তৎকালীন বহুল আলোচিত-সমালোচিত সাংসদ জয়নাল হাজারী ভারত পালিয়ে যান।
বর্তমান মহাজোট সরকার ক্ষমতায় আসার পর ২০০৯ সালের ১৫ এপ্রিল আদালতে আত্মসমর্থন করেন ফেনী জেলা আওয়ামী লীগের সাবেক এই সাধারণ সম্পাদক।
